আবু হানিফ চৌধুরী, দিরাই
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা শহীদ ছাত্রনেতা তালেব উদ্দিনের ভাই অ্যাডভোকেট শামছুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সামছুল হক চৌধুরী।
শুক্রবার দলীয় মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে আওয়ামী লীগের ধানম-ির (৩ নম্বর) কার্যালয় থেকে বিকেল সাড়ে ৪ টায় ড. জয়া সেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুরঞ্জিত সেন গুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত, পুত্রবধূ ডা. রাখি মৈত্রী সেন গুপ্ত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি দিপু সেনগুপ্ত, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, ব্যারিস্টার রেজা প্রমুখ।
এছাড়া বিকাল ৫ টায় দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুক্তরাজ্য শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুল হক চৌধুরী। এসময় সাথে ছিলেন অ্যাডভোকেট নুরুল আবেদীন, আবুল কাসেম, জুয়েল আহমদ প্রমুখ।
বিকাল সাড়ে ৫ টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা শংকর দাস, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা হুমায়ূন রশীদ লাভলু, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী, দিরাই উপজেলা যুবলীগ নেতা মকসুদ আলম, মারফত মিয়া প্রমুখ।
এরপর শহীদ তালেব উদ্দিনের ভাই, আওয়ামী লীগ নেতা ও সিলেটের অতিরিক্ত পিপি অ্যাড. শামছুল ইসলামের পক্ষে ছাত্র লীগের কয়েকজন নেতাকর্মী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সুরঞ্জিত সেন গুপ্তের ছেলে সৌমেন সেন গুপ্ত বলেন, ‘আমার মা জয়া সেন গুপ্তের দলীয় মনোনয়ন বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বশীলরা। এছাড়া দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ সর্বসম্মতভাবে ড. জয়া সেন গুপ্তের নাম প্রস্তাব করেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার মাকে নির্বাচনের প্রস্তুতি নেবারও নির্দেশ দিয়েছেন।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বললেন,‘দলীয় মনোনয়ন পাবার বিষয়ে আমি শতভাগ আশাবাদী। দল যে শর্ত দিয়েছে। সকল শর্তই আমার পূরণ করার যোগ্যতা রয়েছে। সুতরাং আমিই মনোনয়ন পাব আশাকরি।’
আগামী ৩০ মার্চ ভোটগ্রহণের দিন ধার্য করে প্রয়াত সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেন গুপ্তের আসনের (সুনামগঞ্জ-২) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ এবং ভোটগ্রহণ হবে ৩০ মার্চ। নির্বাচনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩ টি ইউনিয়নের ১১০ টি ভোটকেন্দ্রের ৫০২ টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।
সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র বিক্রি ছাড়াও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে আওয়ামী লীগ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা বরাবর কুমিল্লা সিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনটি আবেদনপত্র জমা পড়েছে বলেও দপ্তর সূত্রে জানা গেছে।
২৬ ফেব্রুয়ারি রাত আটটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই ঠিক হবে সুনামগঞ্জ-২ আসন এবং কুমিল্লা সিটি করপোরেশনে কে দলীয় মনোনয়ন পাবেন। আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ ও কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের জীবনাবাসন হওয়ায় আসনটি শূন্য হয়।