- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিশেহারা দ. সুনামগঞ্জের সাধারণ মানুষ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দ. সুনামগঞ্জ
হঠাৎ করে খোলা বাজারে ওএমএসএর চালের দাম দ্বিগুণ হওয়ায় সাধারণ জনগণ দিশেহারা হয়ে পড়েছেন। রবিবার ভোরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ বাজার ডিলারের কাছ থেকে রাত তিনটা থেকে আসা ওএমএস’র চাল ক্রয় করতে আসা পাবর্তীপুর গ্রামের চমক আলী, সদরপুর গ্রামের ইসলামুদ্দীন সহ আরও অনেকেই জানান, বিগত দিনে আগাম বন্যায় সুনামগঞ্জের প্রতিটি হাওর যখন পানিতে তলিয়ে যায় তখন সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে সাধারণ জনগণ কোনমতে দিনাতিপাত করে আসছিল। কিন্তু আজ    সকালে আইসা দেখা যায় প্রতি কেজি চাল ৩০ টাকা। হঠাৎ করে চালের দাম দ্বিগুণ হওয়ায় চাল কিনতে আসা অনেকেই চাল ক্রয় না করে নিরুপায় হয়ে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে উপস্থিত হলে উপজেলা নির্বাহী অফিসারকে না পেয়ে খাদ্য অফিসে গিয়ে জানতে পারেন, সরকারিভাবে চালের দাম বাড়ানো হয়েছে।
হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় চাল ক্রয় করতে আসা অনেকেই কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে খাইয়া আসি নাই, চাল নিলে রান্না হবে তারপর ছেলেমেয়েকে নিয়ে খাব, অনে চাউলের দাম হুইন্না বাড়িত যাইরামগি। বাইচ্ছাইনতেরে গিয়া কিতা খাবাইমু।
এদিকে হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় ডিলারের দোকানের সামনে জনগণের কোন ভিড় নেই, জনশূন্য অবস্থায় সময় কাটাচ্ছেন ডিলারের লোকজন। অন্যদিন ভোর থেকেই ৩’শত থেকে ৪’শত মানুষের ভিড় থাকত ওএমএস’র ডিলারের দোকানের সামনে।
দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারের ডিলার মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা সরকারের সিদ্ধান্ত আমাদের এখানে করার কিছু নেই।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রোমানা আফরোজ বলেন, ‘চালের মূল্য বৃদ্ধি সরকারের সিদ্ধান্ত।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি জিনাত রহমান বলেন, ‘আমি আজ সকালে শুনেছি, এটা সরকারি সিদ্ধান্ত মোতাবেক বাড়ানো হয়েছে।’
 

  • [১]