- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দীক্ষা, ‘বৃক্ষ ভিক্ষা’

উজ্জ্বল মেহেদী
ভিক্ষা চাই! চলতিপথে এমনটি শুনেছেন। কিন্তু কখনো কি শোনা হয়েছে বৃক্ষ ভিক্ষা চাই? শুনলে পিলে চমকানোর কথা। সিলেট নগরে একদল পরিবেশবাদী তরুণদের সাংগঠনিক উদ্যোগ কিন্তু এমনই। এক-দুই মৌসুম নয়, গত তিন বছর ধরে চলছে। সংগঠনের নামও বেশ চিত্তাকর্ষক; ‘ভূমিসন্তান বাংলাদেশ’। ২০১৪ সালে বর্ষা মৌসুম থেকে শুরু হয় বৃক্ষ ভিক্ষা। চলে বৃক্ষরোপণ অভিযানের পুরো মৌসুম পর্যন্ত। সচেতনতার দীক্ষায় নাম দেওয়া হয়েছে ‘বৃক্ষ ভিক্ষা’। তাঁরা ‘ভিক্ষা’ করে সংগ্রহ করা এক হাজার ৩০০ গাছ লাগিয়েছেন সিলেটের জলার বন খ্যাত রাতারগুলে।
এবার বৃক্ষরোপণ মৌসুমের শুরুতে তাঁরা ‘ভিক্ষা’ করা গাছ রোপণের জন্য আরেক ব্যতিক্রমী কর্মসূচির সূচনা করেছেন। সিলেটের চা বাগানে চা-পল্লির শিশুদের হাত দিয়ে গাছ লাগানোর। শহরতলির মালনীছড়া চা-বাগানের নয়াবস্তি এলাকায় ১১ জুলাই হাড়িভাঙা আমের ৫০টি চারা শিশুদের হাতে দিয়ে রোপণের মাধমে শুরু এ কর্মসূচির। হাড়িভাঙা আম গাছের চারাও কিন্তু সংগ্রহ করা হয়েছে ‘ভিক্ষা’ করে। কেন তাঁদের ‘বৃক্ষ ভিক্ষা’? শোনার আগে অল্প করে জানা যাক তাঁদের সংগঠন মানে ভূমিসন্তান-কথা।
২০১২ সালের ২৭ সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবসে প্রথম আলোর প্রথম পাতায় একটি ছবি প্রধান ফটোফিচার হিসেবে ছাপা হয়। হ্যাঁ, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জলার বন রাতারগুলের ছবি। অনেকে এক নজর দেখে সুন্দরবন বলে ভুল করে বসেছিলেন। তাই নামও পড়েছে ‘সিলেটের সুন্দরবন’। তো সেই বন রাতারাতি পরিচিতি পাওয়ায় সেই থেকে বর্ষায় দর্শনার্থীদের ভিড় বাড়ে। শুরু হয় জল, প্রকৃতি আর বনের উপর আঘাত। তাঁরা ১৪ জন মিলে প্রথমে গঠন করেন ‘জলার বন সুরক্ষা কমিটি’। উদ্দেশ্যÑদর্শনার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা জাগ্রত করে জলার বনের সুরক্ষা।
জোটবদ্ধ, কিন্তু এ নামটি যেন গৎবাঁধা লাগে। করণীয় নির্ধারণে তাঁরা বৈঠক করেন। কাজের মূল উদ্দেশ্য নিয়ে ভাবতে ভাবতে এক সময় স্থির হয় ভাবনা। ‘সবই তো করা হবে এই ভূমির জন্য, আর আমরা তো ভূমিরই সন্তান!’ এ আলোচনাতেই নাম স্থির, ১৪ জনের মিলিত মোর্চার নাম পুনর্নির্ধারণ‘ভূমিসন্তান বাংলাদেশ’। ২০১৩ সালের বিশ্ব পরিবেশ দিবসে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির। প্রথম আলোয় ছাপা হওয়া রাতারগুলের সেই ছবিটি তুলেছিলেন প্রথম আলোর সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ। তাঁকেও সদস্য রাখা হয়।
‘ভূমিসন্তান বাংলাদেশ’ কার্যত স্থানীয় পরিবেশবাদী সংগঠন হলেও তাঁরা যে ব্যতিক্রম, তার প্রমাণ দেন আত্মপ্রকাশের দিনই। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয় ‘ওষুধি ¯স্নান’ নামের একটি অনুষ্ঠান। একটি ফলদ গাছকে বিশেষ স্থানে রেখে তাতে পানি ঢেলে ‘¯স্নান’ করিয়ে বলা হয়, ‘আমাদের পরিবেশ সংরক্ষণের দায়িত্বে সরকার যাঁদের নিয়োজিত করেছে, তাদের ¯œান করিয়ে আমরা শুদ্ধ করার আহবান জানাই। যাতে পরিবেশ ধংসযজ্ঞে পরিবেশ সংরক্ষণের দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠানগুলো দ্রুত পদক্ষেপ নেয়।’
ওই কর্মসূচির পর উন্মোচন করা হয় সংগঠনের নামসংবলিত ‘লগো’। সবুজের আচ্ছাদনে মানুষ আকৃতির বৃক্ষ হচ্ছে ভূমিসন্তান। লগো অঙ্কন করেন সিলেটের সাংস্কৃতিক নগরনাটের সভাপতি অরূপ দাশ। যেহেতু নামের সঙ্গে গাছ আর মানুষের সম্পর্ক, তাই গাছের দিকে বেশি মনোযোগী সংগঠনটি। ২০১৪ সালের ২৯ আগষ্ট সিলেটের সুরমা নদী তীরের কিনব্রিজ এলাকায় সরকারিভাবে আয়োজন করা বৃক্ষ মেলায় ভূমিসন্তান বাংলাদেশ অংশ নেয়। তাঁরা মেলায় একটি প্রদর্শনী স্টল খুলে, কিন্তু সেখানে কোনো গাছ ছিল না। ‘বৃক্ষ ভিক্ষা দিন’একটি ব্যানারে শুধু এ কথাটি লেখা ছিল। মেলা শুরুর দিন থেকে সাত দিনব্যাপী অন্য রকম এক আকর্ষণ ছিল ভূমিসন্তানদের বৃক্ষ ভিক্ষা।
ওই বছর ও পরের বছর বৃক্ষ মেলা থেকে ভূমিসন্তানেরা এক হাজার ৩০০ গাছ ‘ভিক্ষা’ নিয়ে সেগুলো রোপণ করেন রাতারগুলে। সেখানে ওই গাছ রোপণকালে স্থানীয় গ্রামবাসীরা সবুজায়নে একটি সভাও করেন। বৃক্ষ ভিক্ষার গাছ রোপণ ও তদারকির জন্য গঠিত হয় ‘রাতারগুল সবুজ বিপ্লব সমিতি।’ বৃক্ষ রোপণ করতে গিয়ে আবার পরিবেশবিধ্বংসী গাছ পরিহার করতে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর সুরমা নদীর কিনব্রিজের নিচে ‘পরিবেশবিধ্বংসী গাছ বিসর্জন’ নামে একটি অনুষ্ঠান হয়। এতে সবুজ পরিবেশের জন্য উপকারী গাছের পরিচিতি ও পরিবেশের জন্য ক্ষতিকর গাছ চিহ্নিত করে সুরমার জলে বিসর্জন দেওয়া হয়।
এবার বৃক্ষ রোপণ মৌসুমের শুরুতে হাঁড়িভাঙা আমের ৫০টি চারা ‘ভিক্ষা’ দিয়েছেন সিলেট ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষক সালেহ আহমদ। সেগুলো চা-পল্লিতে গিয়ে শিশুদের হাত দিয়ে রোপণ করে দেখভালও চলছে। কোনো প্রচার নয়, নীরবেই চলে ভূমিসন্তানের কাজ। সাম্প্রতিক সময়ে বিপন্ন প্রাণী, পাখি সংরক্ষণেও বিশেষ তৎপরতা রয়েছে তাঁদের। এ জন্য সিলেটের উচ্চতম শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশসংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ এর সঙ্গেও সাংগঠনিক যোগাযোগ স্থাপিত হয়েছে ভূমিমসন্তান বাংলাদেশের।
পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও যৌথভাবে পালন হয়েছে। একইভাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সঙ্গে যৌথ কর্মসূচি হিসেবে গত বছর আন্তর্জাতিক নদী দিবসে সুরমা নদীকে দূষণমুক্ত রাখতে ‘গণসাঁতার’ ও নদীকে মা হিসেবে গণ্য করে নিজ হাতে ‘মায়ের সেবায়’ নদীর বর্জ্য পরিষ্কার কর্মসূচিও পালন হয়েছে। এ ছাড়া, প্রাধিকার ও গ্রিন এ´প্লোর সোসাইটির সঙ্গে যৌথভাবে ২০১৩ সাল থেকে প্রতি বছর বর্ষা শেষে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে রাতারগুল গ্রামবাসীসহ স্থানীয় বাসিন্দাদের একাত্ম করা হয়। এ কাজটি মোহাম্মদ আশরাফুল কবীর উদ্যোগী হয়ে করেন। এ অভিযান চালানোর সময় জলার বনে পরিবেশ সচেতনতার নানা সাংস্কৃতিক আয়োজনও চলে নিপাট গ্রামীণ পরিবেশে।
১৪ সদস্যের ‘ভূমিসন্তান বাংলাদেশ’ হলেও সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীরই সংগঠনটির প্রাণ। কেতাদূরস্ত চেহারার আশরাফুল পেশায় একটি বেসরকারি টেলিভিশনের চিত্রগ্রাহক। এ পেশার বাইরে তিনি দিনমান ব্যস্ত থাকেন সংগঠনটির কাজে। আশরাফুল বলেন, ‘জীবনে মানুষ অনেক কিছুই তো ভিক্ষা দেয়, গাছ ভিক্ষা দিয়েছেÑএমন পাওয়া যাবে না। কেউ একটি গাছ ভিক্ষা দেয়, তাহলে বিষয়টি আলোড়িত হবে বেশি। পরিবেশ নিয়ে মানুষের মন আলোড়িত হলেই কিন্তু মূল সচেতনতা আসবে।’
এ ধারণা থেকে চলছে তাঁদের বৃক্ষ ভিক্ষা। কেউ গাছ ছাড়া আর্থিক অনুদান দিতে চাইলে তাঁরা সানন্দে ফিরিয়ে দেন। কার্যক্রম দেখে সিলেট জেলা পরিষদ থেকে সাংগঠনিক সহায়তায় তাঁদের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। আশরাফুল বলেন, ‘আমরা বিব্রত হয়েছিলাম। তাই ফিরিয়ে দিয়েছি সেই টাকা। যতদিন আমরা থাকবো, সংগঠন থাকবে, ততদিন চলবে আমাদের বৃক্ষ ভিক্ষা।’
পাদপ্রদীপের আলোয় আসতে মোটেও রাজি নন আশরাফুল। লিখতে বারণ, তাই তাঁকে নিয়ে আলাদা করে লেখা যায়নি। পাদপ্রদীপের আলো যেন তাঁর গা রি রি করে। আমার কাছে মানুষটা মিসির আলি টাইপের মনে হয়। নিজেকে জাহির করার মতবাদে নেই। নীরবে-নিভৃতচারী, বৃক্ষের মতোই। অদ্ভুত তাঁর জীবনাচারও। শরীরে মশা বসলেও বেচারা সয়ে যান। ‘আহ, উফ’ করে গা জুড়ান। তাঁর কথা, ‘কেন হত্যা করবো একটি প্রাণ!’ একবার ছিনতাইকারী একা পেয়ে আক্রমণ করে বসল, ছুরিকাঘাতও করল। কিন্তু তিনি নির্লিপ্ত, পুলিশকে জানাতেও অপারগ।  ছিনতাইকারীর উদ্দেশ্যে তাঁর ভাষ্য-‘জানত যদি আমার কাছে ছিনিয়ে নেওয়ার মতো কিছু নেই, তাহলে তো ছুরি চালাতো না।’ মাঝে মাঝে তাঁকে বলতে ইচ্ছে করে-‘আশরাফুল, আপনি কোন কাননের ফুল!’ বলি না, পাছে বিব্রত হন যদি।
লেখক: নিজস্ব প্রতিবেদক, প্রথম আলো

  • [১]