- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুঃখ ভুলে প্রতিবাদী বাংলাদেশের ছোঁয়া নিন আপনি, প্রিয় শিক্ষক

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে কান ধরে উঠ-বস করানোর পর প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বহিষ্কার করে এক ক্ষমতাধর ও তার বসম্বদরা যে অসভ্যতা প্রকাশ করেছে তা নারায়ণগঞ্জের মানবিক গুণাবলিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ওরা কখনও ভদ্রতা-ভব্যতার ধার ধারে না। তারা নিজেদের শক্তি, দম্ভ ও অসভ্যতার উপর ভীষণভাবে নির্ভরশীল। অবাক বিষয় হলো এদের হাতে বারবার নারায়ণগঞ্জের সুনাম ভূলুণ্ঠিত হলেও এরা বরাবরই থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। কথার মায়াজাল বিস্তারে পারঙ্গম ভ্রাতৃদ্বয় লজ্জা-শরমের ধার না ধেরে বরাবরই নিজের অপরিস্কার নাঁক উঁচিয়ে সকলকে দুর্গন্ধ বিলোয়। এবারও এর ব্যতিক্রম দেখা যায়নি। অনেক অনাচার কদাচার করে এখন এরা ধর্মের পরিত্রাতারূপে আবির্ভূত হতে চায়। এরা একজন নীরিহ শিক্ষককে ধর্মীয় নিপীড়ণের লক্ষবস্তুতে পরিণত করে নিজেদের মুর্খামীকে আরও বেশি করে প্রকাশ করে। গতকাল ঘটনার খলনায়ক আবারও দম্ভ করে নির্যাতিত ওই শিক্ষককে ‘তাঁর ছেঁড়া শিক্ষক’ বলে অপদস্ত করেছে। এই ভ্রাতৃদ্বয় ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে গভীরভাবে লজ্জিত হলেও উন্মত্ত ষাড়ের দাপট কমানো যাচ্ছে না কিছুতেই। তবে সারা দেশ আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওই অভব্য ব্যক্তিটিকে যে, আসলে সভ্যতা কী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধঘণ্টা ঠায় নিজেদের কান ধরে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রতিবাদের পরিসর বড় হচ্ছে। দেশ ছাপিয়ে এই শিক্ষক লাঞ্ছনা, এর চাইতেও বড় কথা এক ক্ষমতা মদমত্ত ব্যক্তির অসভ্যতা আজ বিশ্ব পরিসরে আলোচনার খোরাক। এরা বাংলাদেশকে লজ্জায় ভাসিয়েছে। আমাদের কলকিংত করেছে।
তবু ভাল, শিক্ষা মন্ত্রণালয় নির্যাতিত শিক্ষকের সাময়িক বরখাস্ত আদেশকে বেআইনি বলে বাতিল এবং ওই বিদ্যালয়ের ক্ষমতাদাম্ভিক ম্যানেজিং কমিটি বাতিল করেছেন। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকের এইটুকু সম্মান রক্ষা করায় আমরা কিছুটা প্রীত হয়েছি। কিন্তু তার চাইতেও বেশি দহন অন্তর পুড়িয়ে খাচ্ছে আজ যখন দেখি নির্লজ্জ বেহায়ারা এখনও দাঁত কিলিয়ে হাসে আর পুরো ভ্রƒ-শোভিত নির্লজ্জ চোখে তাকিয়ে থাকে। এই দৃষ্টি থেকে আমরা বাঁচতে চাই। এই দাঁত কেলানো থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা নারায়ণগঞ্জের মতো ঐতিহ্যবাহী শিল্পনগরীর সুনামবিনষ্টকারীদের পরাভব দেখতে চাই। কিন্তু কে দেখাবে সেটি? বড় কঠিন প্রশ্ন। একবার এই পরাক্রমশালীরা দেশ ছেড়েছিল প্রতিকূল পরিস্থিতির কারণে। আবারও কি তাহলে আরেকটি প্রতিকূল সময়ের অপেক্ষায় থাকতে হবে সকলকে? যে সরকার ৪৫ বছরের লজ্জা ঝেড়ে ফেলে যুদ্ধাপরাধীর বিচারের মতো মহাযজ্ঞ সম্পাদন করে জাতিকে কলঙ্কমুক্ত করতে পারে সেই সরকার সামান্য কয়েকজন শিক্ষকলাঞ্ছনাকারী বেয়াদবের শাস্তি দিতে পারেন না তা আমরা কেউই বিশ্বাস করি না। সরকার প্রধান ধৈর্য ধরছেন। কিন্তু তাঁরও ধৈর্যের সীমা আছে। বোধ করি এবার ওই সীমা লঙ্ঘিত হলো।
শ্যামল কান্তি ভক্ত নামক ওই শিক্ষককে আমরা কোন সান্ত¡না দিতে চাই না। কোন সহানুভূতিও নয়। তার দুঃখ ও যন্ত্রণাকে ধারণ করে আমরা ক্রোধে ফেটে পড়তে চাই। আর তাঁকে বলতে চাই কোন এক কুলাঙ্গার আপনাকে কান ধরিয়ে উঠ-বস করালেই আপনার সম্মান এক তিল কমবে না। বরং আপনাকে হেনস্তা করে ওরা নিজেদের নীচতাকে প্রকাশ করেছে। আপনি উঁচুতেই আছেন শ্রদ্ধেয় শিক্ষক, ওরাই ভুলুণ্ঠিত হলো, তা আস্ফালন যতোই করুক। আজ সারা দেশ জেগেছে এক শিক্ষকের অপমান সইতে না পেরে। আপনি আজ কোন একক ব্যক্তি মাত্র নন, সভ্যতা ও অসভ্যতার মুখোশ উন্মোচনের প্রতীকে পরিণত হয়েছেন আপনি। দুঃখ ভুলে প্রতিবাদী বাংলাদেশের অন্তরের ছুঁয়া নিন আপনি, প্রিয় শিক্ষক।  

  • [১]