স্টাফ রিপোর্টার
দিরাই ও শাল্লা উপজেলায় জামায়াতে ইসলামীর দুই আমীরসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলা রোডস্থ ইউসুফ মঞ্জিলের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ জামায়াতি প্রকাশনাসহ সংগঠনের ১১ নেতাকে আটক করা হয়। পুলিশের দাবি এরা গোপন বৈঠক করছিলেন।
আটককৃতরা হলেন শাল্লা উপজেলা জামায়াতের আমীর হাফিজ নুরুল আলম সিদ্দিকি, দিরাই উপজেলা আমীর কামাল হোসেন, সেক্রেটারী ও লাইসিয়াম প্রি-ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল লুৎফুর রহমান, সদস্য আব্দুল কুদ্দুস, আব্দুস শহীদ, আব্দুল আউয়াল, শওকত সরদার, রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুর রহিম ও দিরাই উপজেলা শিবিরের সভাপতি শফিউল আলম।
দিরাই থানার সাব ইন্সপেক্টর শাহআলম জানান, ‘ইউসুফ মঞ্জিলের একটি বাসায় প্রায়ই তারা সরকার বিরোধী কার্যক্রম পরিচালনার বৈঠক করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শনিবার তাদেরকে আটক করা হয়। ওখানে জামায়াতের অনেক প্রকাশনা পাওয়া গেছে’।