- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুই দিনব্যাপী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের আলমপুর গ্রামের মাঠে সোমবার সকাল থেকে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ১১০টি ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লোকজন। আজ মঙ্গলবার এই প্রতিযোগিতা শেষ হবে।
আয়োজক কমিটির সভাপতি মো. আরশাদ আলী জানান, প্রতিযোগিতায় অংশ নিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে রোববার বিকেলে নিজেদের ঘোড়া নিয়ে লোকজন এসেছেন। এসব লোকের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার রয়েছে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার রয়েছে মোবাইল। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিটি ঘোড়াকে বিশেষ উপহার দেওয়া হবে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি আশরাদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আকবর আলী, এলাকার মুরব্বি মো. রাশিদ আলী ও মো. লিলু মিয়া, আয়োজক কমিটির সদস্য মতিউর রহমান, আলীম উদ্দিন, আবদুল মতিন, সাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
মো. আশরাদ আলী জানান, গ্রামের মানুষদের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। তাই প্রতি বছর এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করেন তারা। এলাকার বিপুল সংখ্যক মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুইদিনের এই ঘোড়দৌর প্রতিযোগিতা উপভোগ করেন।

  • [১]