তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে টাকা চাওয়া কে কেন্দ্র করে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রায় ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত বর্তমান মেম্বার আবুল হোসেনের
ছেলে কামরান ও সাবেক মেম্বার শাহনূর মিয়ার ছেলে কবির মিয়া কে আশংকাজনক অবস্থায় তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহনুর মিয়ার ভাতিজা খলিল মিয়ার চা দোকানে একই ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল হোসেনের ভাতিজা তারেক মিয়া চা খেয়ে বিল না দেয়ার বিষয় নিয়ে একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধা ঘন্টা ব্যাপি সংঘর্ষে জড়িয়ে পরে। পরে স্থানীয় লোকজন উভয় পক্ষের সংঘর্ষ থামালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীপুর বাজারে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে উভয় পক্ষের কবির মিয়া (৩৩), কামরান (২৪), সেলিম (৩৭), সুজন মিয়া (৩৫) আহত হয়।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’