বিশ্বনাথ প্রতিনিধি
ছাতক থেকে সিলেটগামী ট্রেন থেকে বখাটে কর্তৃক অপহরণ ও গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। অপর এক কিশোরীকে শারীরিক নির্যাতন করা হয়েছে। খবর পেয়ে দুই কিশোরীকে উদ্ধার করে ছাতক থানা পুলিশ। উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে ধর্ষিত এক কিশোরীকে বৃহস্পতিবার দুপুর ১২টায় ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সার্ভিস (ওসিসি) তে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাতক থানা পুলিশ দুই লম্পটকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের সোনা আলী-ঠাকুরের ছেলে আব্দুল
বারিক (২৮) ও একই এলাকার আব্দুল মন্নানের পুত্র রোমান মিয়া (৩০)।
জানা যায়, সিলেট নগরীর খোজারখোলা রেলওয়ে কলোনীর বাসিন্দা ১৮ বছর বয়সী এক কিশোরী তার ১৬ বছর বয়সী এক ভাগনিকে নিয়ে গত ৭ অক্টোবর সকালে ছাতক উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের গোপালনগর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে। বেড়ানো শেষে গত ১১ অক্টোবর বিকেলে ওই দুই কিশোরী বোনের বাড়ী থেকে সিলেট যাবার উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ ছৈলা-আফজালাবাদ রেলষ্টেশনে পৌঁছে। এসময় ৬-৭জন বখাটে দুই কিশোরীর পিছু নেয়। ট্রেনে সিলেট যাওয়ার পথে সৎপুর রেলষ্টেশনে পৌছামাত্র সন্ধ্যা ঘনিয়ে আসলে লম্পট বারিক তার সহযোগি বখাটেদের নিয়ে দুই কিশোরীর মুখ বেঁধে ট্রেন থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়। লম্পট বারিক তার গ্রামের একটি বাড়িতে নিয়ে এক কিশোরীকে পালাক্রমে পাশবিক নির্যাতন করে ও অপর কিশোরীকে শারীরিকভাবে নির্যাতনের পর একটি কক্ষে বন্দী করে রাখে। অপহরণের খবর পেয়ে কিশোরীর বোন জামাই বিষয়টি ছাতক থানা পুলিশকে অবহিত করেন। ছাতক থানার এসআই শফিকুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ১২অক্টোবর সকালে বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রাম থেকে দুই কিশোরীকে উদ্ধার করে ও লম্পট আব্দুল বারিক ও রোমান মিয়াকে গ্রেফতার করে ছাতক থানায় নিয়ে আসে। ১২ অক্টোবর সারাদিন নানা টালবাহানার পর অপহরণ ও ধর্ষনের ঘটনাস্থল বিশ্বনাথ উপজেলায় হওয়ায় গভীর রাতে ছাতক থানা পুলিশের হাতে উদ্ধারকৃত দুই কিশোরী ও গ্রেফতারকৃত দুই লম্পটকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ১৩ অক্টোবর ধর্ষিত কিশোরীর বোন জামাই বাদী হয়ে গ্রেফতারকৃত দুই বখাটের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন।
বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান জানান, ধর্ষিত ও শারিরিকভাবে নির্যাতনের শিকার দুই কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আব্দুল বারিক ও রোমান মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।