- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুই সরকারি কলেজ ছাত্রী হোস্টেলের সুপার পুরুষ শিক্ষকরা!

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের দুটি ছাত্রী হোস্টেলেরই হোস্টেল সুপারের দায়িত্বে রয়েছেন দু’জন পুরুষ শিক্ষক। অবশ্য সরকারি কলেজের ছাত্রী নিবাসে একজন মহিলা শিক্ষক সহকারী হোস্টেল সুপারের দায়িত্বে রয়েছেন, তবে তিনি অনিয়মিত। সরকারি মহিলা কলেজে আবেদন করেও মহিলা শিক্ষক হোস্টেলের দায়িত্বে আসতে পারেন নি। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বলেছেন,‘মহিলা শিক্ষক কেউ আবেদন করেছেন, এটি সত্য নয়, বরঞ্চ কাউকে দায়িত্ব দেয়াই যায় না’। সরকারি কলেজের অধ্যক্ষও বলেছেন,‘হোস্টেলের দায়িত্ব নিতে চান না কেউই’।
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে সুরমা ও কুশিয়ারা নামের দুটি ছাত্রী হোস্টেল রয়েছে। দুই ছাত্রী হোস্টেলে ১২০ জনের মতো শিক্ষার্থী থাকেন। এর মধ্যে একাদশ শ্রেণি থেকে বিএ পরীক্ষার্থীও রয়েছেন। ১৯৯৮ সাল থেকে এই কলেজের ছাত্রী হোস্টেলের সুপার হিসাবে দায়িত্ব পালন করছেন কলেজের প্রভাষক জালাল উদ্দিন। বর্তমানে সহকারী হোস্টেল সুপারের দায়িত্বে আছেন কলেজের প্রভাষক আব্দুল হামিদ।
একাধিক শিক্ষক ও আবাসিক শিক্ষার্থী জানান, ১৯৯৮ সাল থেকে প্রভাষক জালাল উদ্দিন এই কলেজের হোস্টেল সুপারের দায়িত্বে আছেন। শুরুতে সহকারী হোস্টেল সুপার ছিলেন প্রভাষক বিনয় ভূষণ চক্রবর্তী ও প্রভাষক আব্দুল হামিদ। বিনয় ভূষণ চক্রবর্তী এই কলেজ থেকে বদলী হবার পর প্রভাষক শাহাদাত হোসেন ২০১১-১২ ইংরেজি সালে সহকারী সুপারের দায়িত্ব পালন করেন। শাহাদাত হোসেন বদলী হয়ে অন্যত্র চলে যাওয়ার পর এই দুইজনই (জালাল উদ্দিন ও আব্দুল হামিদ) হোস্টেল সুপার ও সহকারী হোস্টেল সুপারের দায়িত্বে রয়েছেন।
গত শুক্রবার কলেজের হোস্টেলে (কুশিয়ারা অংশে)  অব্যবহৃত বাথরুম থেকে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী’র গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধারের পর একাধিক শিক্ষার্থী ও শিক্ষক বলেছেন,‘মেয়েদের হোস্টেলে একজন মহিলা শিক্ষক দায়িত্বে থাকলে ভাল হয়, নারী শিক্ষকের কাছে মেয়েরা যেভাবে মন খোলে কথা বলতে পারবে, পুরুষ শিক্ষকের কাছে সেভাবে পারবে না’।
কলেজের একজন প্রভাষক জানান, প্রভাষক অপর্ণা বর্মণ বিভিন্ন সময় দায়িত্বে থাকা অধ্যক্ষের কাছে এখানে (হোস্টেলে) আসার আবেদন করেছেন। কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি।
প্রভাষক অপর্ণা বর্মণ এই প্রসঙ্গে বলেন,‘এক বছর আগে আমি হোস্টেলে আসার আবেদন করে বলেছি, মেয়েদের হোস্টেলে একজন নারী শিক্ষক থাকলে ভাল হয়, এখনো আমাকে আসার নির্দেশ দেওয়া হয়নি’।
হোস্টেল সুপার জালাল উদ্দিন বলেন,‘আামি এখানে থাকতে চাই না, হোস্টেলের দায়িত্বে থাকলে মাসে আমার ১৬ হাজার টাকা কর্তন হয়। বাড়তি ঝামেলাও আছে। মহিলা শিক্ষক কেউ এখানে আসতে চান না, অপর্ণা বর্মণও অসুস্থ। অধ্যক্ষ স্যারের নির্দেশে আমি আপাতত. আছি’।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দে বলেন,‘অপর্ণা বর্মণ এখানে আসার কোন আবেদন আমার কাছে করেন নি, দুইজন মহিলা প্রভাষক আমাদের কলেজে রয়েছেন, তারা কেউ এখানে আসতে রাজি নয়। এমনকি যিনি দায়িত্বে রয়েছেন (জালাল উদ্দিন) তিনিও এখানে থাকতে রাজি নয়। হোস্টেল সুপার হিসাবে থাকলে বাড়ি ভাড়া কর্তন হয়, বাড়তি ঝামেলাও রয়েছে, এজন্য শিক্ষকরা হোস্টেল সুপার, বিশেষ করে মেয়েদের হোস্টেলের দায়িত্ব এড়িয়ে চলতে চান’।
একই অবস্থা সরকারি কলেজেও। এই কলেজের ছাত্রী নিবাসে ৭২ জন শিক্ষার্থী অবস্থান করেন।
ছাত্রী নিবাসের হোস্টেল সুপার কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ। হোস্টেল পরিচালনায় ৪ সদস্যের কমিটি রয়েছে। সহকারী হোস্টেল সুপার হিসাবে রয়েছেন কলেজের সহযোগি অধ্যাপক নাসিমুছ ছবা। তবে তিনি অনিয়মিতভাবে এখানে অবস্থান করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস ছাত্তার বলেন,‘কলেজ হোস্টেলের দায়িত্বে থাকতে চান না পুরুষ কিংবা মহিলা কোন শিক্ষকই, এটি একটি সমস্যা, আমি স্টাফ কাউন্সিলের সভায়ও এ নিয়ে কথা বলেছি। সকলকে এই বিষয়ে সহযোগিতারও অনুরোধ জানিয়েছি’।

  • [১]