বিন্দু তালুকদার
গত বেশ কয়েকদিন ধরে বিদ্যুতের ঘনঘন লোডসেডিং শুরু হয়েছে। অসহ্য গরমে বিদ্যুতের কারণে দুর্ভোগ পিছু ছাড়ছে না সুনামগঞ্জ জেলাবাসীর। জেলা শহরের আবাসিক গ্রাহকদের পাশাপাশি সারা জেলাজুড়ে গ্রামীণ এলাকায় বিদ্যুতের লোডসেডিং হচ্ছে বলে জানা গেছে। দিনের পাশাপাশি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা লোডসেডিং হচ্ছে।
কি কারণে অবাণিজ্যিক জেলা শহরে বিদ্যুতের ঘনঘন লোডসেডিং হচ্ছে বা বিদ্যুৎ সাবরাহ বন্ধ থাকছে তা জানেন না সাধারণ গ্রাহকরা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি গ্রাহকদেরকে অবগত করেন না বিদ্যুৎ অফিসের লোকজন। জেলা শহর ও আশপাশ এলাকার আবাসিক বিদ্যুৎ বিভাগের প্রায় ১৬ হাজার গ্রাহক বিদ্যুৎ ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না।
আগামী দুইদিন পর থেকে সনাতন ধর্মাবলম্বী লোকজনের সর্ববৃহৎ পূজা শারদীয় দুর্গোৎসব পালনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সবরাহ করা হবে কিনা এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পূজা পরিচালনা কমিটি ও পূজা উদযাপন পরিষদের
নেতৃবৃন্দ।
দুর্গা পূজা শান্তিপূর্ন পরিবেশে পালন ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে সোমবার জেলা-উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে পুলিশ প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে দাবি জানিয়েছেন। একাধিক নেতৃবৃন্দ নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য প্রয়োজনীয় জরুরী ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেছেন।
জেলা পর্যায়ের সরকারি এক কর্মকর্তা জানান, গত জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক আবাসিক বিদ্যুৎ কর্তৃপক্ষকে শহরের ঘনঘন লোডসেডিং রোধ করতে এবং শহরবাসীর জনজীবন স্বাভাবিক রাখতে প্রয়োজনে পল্লী বিদ্যুৎ থেকে বিদ্যুৎ ধারে আনার প্রস্তাব দেন। কিন্তু গত কয়েকদিনের বিদ্যুতের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিদ্যুৎ বিভাগ জেলা প্রশাসকের অনুরোধ কর্ণপাত করে নি।
শহরের ষোলঘর ও উকিল পাড়ার একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,‘ সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগ শহরের গ্রাহকদের নিয়ে খামখেয়ালী শুরু করেছে। সাধারণ গ্রাহকদের দুর্ভোগ লাঘবে কোন উদ্যোগ নিচ্ছেন না কর্তৃপক্ষ। জনপ্রতিনিধিরাও বিদ্যুৎ কর্তৃপক্ষের মতই ভুমিকা পালন করছেন। হাজার হাজার মানুষের দুর্ভোগ হ্রাস করতে কেউ কোন কথাই বলছেন না। জনস্বার্থে কেউ কোন কর্মসূচি পর্যন্ত আহবান করছে না।
দিরাই শহরের কলেজ রোডের বাসিন্দা ব্যবসায়ী মিহির কান্তি রায় বলেন,‘বিদ্যুৎ নিয়ে আমরা চরম দুর্ভোগে আছি। এই গরমে দিনে অন্তত বেশ কয়েকবার বিদ্যুতের লোড সেডিং হয়। বাজারের একপাশে বিদ্যুৎ থাকলেও অন্যপাশে থাকে না। একবার বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘণ্টা পরে আবার আসে। এতে ব্যবসায়ীদের ব্যবসায় বারোটা বেজে যাচ্ছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু বলেন,‘ গত কয়েকদিন ধরেই শহরে ঘনঘন লোডসেডিং হচ্ছে। এভাবে লোডসেডিং হলে আমাদের সমস্যা হতে পারে। দুর্গা পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সবরাহের জন্য আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সভায় দাবি জানিয়েছি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন বিদ্যুৎ বিভাগের সাথে তারা কথা বলবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিবেন। পূজা উপলক্ষে মঙ্গলবার সিলেটে পুলিশের ডিআইজি সাহেবের সভায় বিদ্যুৎ বিভাগের বিভাগীয় কর্মকর্তা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সবরাহের আশ্বাস দিয়েছেন।’
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘আমাদের চাহিদা অনুযায়ী আমরা নির্ধারিত বিদ্যুৎ পাচ্ছি। পিক আওয়ারে ১২ মেগাওয়াটের প্রয়োজন, ১২ মেগাওয়াটই পাচ্ছি। অপিক আওয়ারে ৮ মেগাওয়াট প্রয়োজন তা নিয়মিত পাওয়া যাচ্ছে। ঘনঘন লোডসেডিং হচ্ছে তা ঠিক নয়। অত্যাধিক গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে তাই ট্রান্সফরমার ও লাইনে চাপ বেশী পড়ছে। লাইন ও ট্রান্সফরমারে অতিরিক্ত চাপ পড়ে গরমে তার গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা যথা সাধ্য চেষ্টা করছি গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিতে। দুর্গা পূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পূজা মন্ডপ এলাকার সকল ট্রান্সফরমার ইতোমধ্যে মেরামত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় গ্রিডে কোন সমস্যা না হলে দুর্গাপূজায় কোন সমস্যা হবে না।’
গ্রাহকদের সেবা প্রদানে স্থায়ী সমাধানের বিষয়ের জানতে চাইলে তিনি বলেন,‘ নতুন একটা প্রকল্প অনুমোদন হয়েছে। এই প্রকল্পের আওতায় সিলেট বিভাগের যেসব এলাকার বিদ্যুতের চাহিদা বেশী সেসব এলাকায় নতুন ট্রান্সফরমার বসানো হবে। একই সাথে দীর্ঘদিনের পুরনো লাইনগুলোও মেরামত করা হচ্ছে।’
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ বলেন,‘জেলায় আমাদের ১লাখ ২০ হাজার গ্রাহক রয়েছে। বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত পিক আওয়ারে আমাদের ২৪ মেগাওয়াট বিদুতের প্রয়োজন। আমরা নিয়মিত ২৪ ই পাচ্ছি। তবে মাঝে মধ্যে জাতীয় পর্যায়ে লোড সেডিং হলে কিছু কম পাওয়া যায়। আমাদের অপিক আওয়ারে ১৮ মেগাওয়াটের প্রয়োজন আমরা ১৮ মেগাওয়াটই পাই। আমাদের তেমন কোন লোডসেডিং হয় না। দুর্গা পূজায় আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সবরাহের চেষ্টা করব। লাইনে কিছু কাজ ও লাইনের উপরের গাছ-গাছরা কাটার জন্য মাঝে মাঝে লাইন বন্ধ রাখতে হয়। সম্প্রতি একটু গরম পড়ায় বিদ্যুতর চাহিদা বেড়েছে তাই একটু আধটু লোডসেডিং হয়, তবে তা দীর্ঘস্থায়ী নয়।