- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্গা পূজা উপলক্ষে দিরাই ও শাল্লা উপজেলায় মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দিরাই ও শাল্লা উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দিরাই উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র‌্যাব ৯ কমান্ডার লে. কমান্ডার সিঞ্চন আহমেদ, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মো. মোশাররফ মিয়া সহ দিরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় শাল্লা উপজেলায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, থানার ওসি মো. আমিনুল ইসলাম সহ শাল্লা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এবার করোনা মহামারির কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ম-পে আগত পূজারি, দর্শনার্থী ও ভক্তদের সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াত ব্যবস্থা রাখা, পূজাম-পে জনসমাগম পরিহার করতে মেলা, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা না করা; প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা পরিহার করা। এছাড়া দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মন্দিরে বা ম-পে এলে সংশ্লিষ্ট থানাকে আগেই অবহিত করতে হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশনায়।

  • [১]