স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সোমবার সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধন, সমাবেশ ও গণসাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। এতে জেলার সরকারি-বেসরকারি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে এই কর্মসূচি পালন করে। দুর্নীতিবিরোধী সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যানার নিয়ে অংশ নেয়। সমাবেশ দুর্নীতিরবিরোধী গণসাক্ষর সংগ্রহ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য দেন- দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, টিআইবির সুনামগঞ্জ সনাকের সভাপতি ধূর্জটি কুমার বসু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি পরিমল কান্তি দে, সুশাসনের জন্য নাগরিকের (সুুজন) জেলা কমিটির সভাপতি হোসেন তওফিক চৌধুরী প্রমুখ।
দুর্নীতিবিরোধী সমাবেশে বক্তারা বলেন, আমরা যদি আমাদের বিবেকের কাছে স্বচ্ছ থাকি, সঠিক কাজটি করি তাহলে পরিবর্তন আসবে, দুর্নীতি কমবে। সেবাপ্রদানে দীর্ঘসূত্রিতা, ক্ষমতার অপব্যাবহারও দুর্নীতি। দুর্নীতি করব না এই এই মনোভাব পোষন করতে হবে। আমাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা আরও বাড়াতে হবে। আমাদের মানসিক পরিবর্তন দরকার।