- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্নীতিবাজ পাউবো’র নির্বাহী প্রকৌশলী স্ট্যান্ডরিলিজ

বিশেষ প্রতিনিধি
পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির ব্যাপক অনিয়মের কারণে প্রায় দুই হাজার কোটি টাকার ফসল তলিয়ে নেবার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিনকে স্ট্যা- রিলিজ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সদর দপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। অবশ্য. সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এই বিষয়ে কোন চিঠি এখনও পাননি। কেউ তাকে মৌখিকভাবেও অবহিত করেনি।
পানি উন্নয়ন বোর্ড সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিনকে অতিরিক্ত মহাপরিচালক পূর্ব রিজিওনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামকে সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সচিবালয়ের উপ-সচিব ওবায়দুল ইসলাম শনিবার দুপুরে এই চিঠি ইস্যু করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন শনিবার সন্ধ্যা পর্যন্ত এ সংক্রান্ত কোন চিঠি তিনি পাননি।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘আমি শুনেছি তবে কোন চিঠি পাইনি, দায়িত্বশীল কেউ ফোনেও অবগত করেননি।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিনের বিরুদ্ধে গত ৯ এপ্রিল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের বিশেষ সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ স্থানীয় সংসদ সদস্যগণ এবং পাউবো’র সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাইয়ের উপস্থিতিতেই গণমাধ্যমকর্মীসহ রাজনীতিবিদ ও সুশীলজনেরা          
সুনির্দষ্টভাবে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল অখ্যাত ঠিকাদারদের এবং একটি সি-িকেটকে একাধিক কাজের কার্যাদেশ দেওয়া, শেষ মূহূর্তে যখন ২৪ টি বাঁধের কাজই শুরু হয়নি, তখন ১২ টি বাঁধে কাজ হয়নি উল্লেখ করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া। কম কাজ করে পাউবো’র হাওর রক্ষা বাঁধ বেশি হয়েছে দেখানো এবং পিআইসি’র বরাদ্দ ২০ কোটি ৮০ লাখ টাকার স্থলে গণমাধ্যমকর্মীসহ সকলকে ১০ কোটি ৭০ লাখ বরাদ্দ হয়েছে জানানোর অভিযোগ উত্থাপন হয়। পরে গত বুধবার বঙ্গভবনের স্টেট ডায়নিং হলে মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের বৈঠকেও হাওররক্ষা বাঁধ নিয়ে পাউবো কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের দুর্নীতি নিয়ে কথা ওঠে।
পাউবো, সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই নির্বাহী প্রকৌশলীর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

  • [১]