স্টাফ রিপোর্টার
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এরপর তিনি সকলকে সকলক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ‘না’ শপথ বাক্য পাঠ করান।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের পরিচালনায় ও জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, নারীনেত্রী শিলা রায়, শিক্ষবিদ পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া।
এছাড়াও এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহকারী পরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি দমনের জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। দুর্নীতিকে প্রতিহত করতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন দুর্নীতির আভাস পেলে সাথে সাথে জেলা প্রশাসক কে অবহিত করবেন।
কর্মসূচির আয়োজনে সহযোগিতা করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবির সচেতন নাগরিক কমিটি।