- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্নীতি সারা পৃথিবীতেই আছে- পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

স্টাফ রিপোর্টার
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, দুর্নীতি সারা পৃথিবীতেই আছে। তবে দেখার বিষয় দুর্নীতির বিরুদ্ধে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি কিনা। আমরা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি।
বুধবার বিকালে ধর্মপাশার ডুবাইলের ভেঙে যাওয়া ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
কবির বিন আনোয়ার আরও বলেন, ২০১৭ সালের হাওরডুবির পরে ৯ জন অফিসারকে বরখাস্ত করা হয়েছিল। আমরা তখন তদন্ত কমিটি করে দেখেছিলাম তাদের দায়িত্ব অবহেলা ছিলো। তাই সে সময়ে আমরা বরখাস্ত করেছিলাম। এখনও আমরা যে অভিযোগ পেয়েছি সেটি তদন্তে একটি টিম সুনামগঞ্জে চলে এসেছে। দায়িত্বপ্রাপ্ত কাউকে দুর্নীতির সঙ্গে জড়িত পেলে আমরা ছাড় দেবো না। এটি রাষ্ট্রিয় দায়িত্ব। পরে তিনি তাহিরপুরের বর্ধিত গুরমা হাওরের বাঘমারা ফসল রক্ষা বাঁধ দেখতে যান। সেখান থেকে সুনামগঞ্জে ফিরে রাতে সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পাউবোর উত্তর—পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম প্রমুখ।

  • [১]