- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্বিন শাহ ও তাঁর গণসংগীত

সুমনকুমার দাশ
‘বৈদেশ থেকে ঋণ আসিলে মোদের ভাগ্যে পড়ে না’Ñএকটি গানে এমন মন্তব্য করেছিলেন বাউলসাধক দুর্বিন শাহ (১৯২০-১৯৭৭), তখন ১৯৭০ খ্রিস্টাব্দ। অখইমব পাকিস্তান রাষ্ট্রে যখন দিনের পর দিন পূর্ব পাকিস্তানের মানুষ দুঃখ-শোক-জরা-শোষণ-নির্যাতনের শিকার, তখনই তাঁর এমন উচ্চারণ। কিন্তু অবাক বিস্ময়ে আমরা লক্ষ করিÑপাকিস্তান রাষ্ট্র ভেঙে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ৪৩ বছর পরও সেই পঙ্ক্তিগুলো এখনও কতটা প্রাসঙ্গিক! ৪৩ বছর আগে এবং পরে ধনিক সম্প্রদায় আরও সম্পদশালী হয়েছেন। কিন্তু এক শ্রেণির মানুষ ঠিকই সেই তিমিরেই রয়ে গেছেন। আর দুর্বিন শাহের ‘মোদের’ হচ্ছে সেই শ্রেণিভুক্ত মানুষের প্রতিনিধিরাই। অবশ্য দুর্বিন নিজেও সেই শ্রেণিভুক্ত মানুষের একজন ছিলেন আর সে কারণেই এ দুরবস্থা থেকে উঠে দাঁড়ানোর রাস্তা খুঁজেছেন। সেই রাস্তা অনেকটা বিপ্লবে গিয়ে ঠেকেছেÑ‘কেন ঘুম ভাঙে না মোদের কেন ঘুম ভাঙে না/জাগো জাগো বাঙালি ভাই নিদ্রায় রইলে আর চলে না’। বাঙালিকে এই যে ‘নিদ্রা’ থেকে জাগানোর প্রচেষ্টা দুর্বিনের, সেই ‘নিদ্রা’ কেবলই একটা প্রতীক মাত্র।
১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষ ভেঙে সম্পূর্ণ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামের যে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়েছিল, এরমধ্যে পূর্ব পাকিস্তান প্রদেশ ছিল পাকিস্তান রাষ্ট্রেরই অংশ।  এ রাষ্ট্রেরই অন্য অংশ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা প্রতিনিয়ত নিগৃহীত হতে থাকে পূর্ব পাকিস্তানের মানুষ। দিনের পর দিন অনিয়ম-অন্যায়-লাঞ্ছনা সহ্য করে পূর্ব পাকিস্তানের মানুষ যেন মুখে কুলুপ এঁটে রেখেছিল! সেই কুলুপ এঁটে থাকা অবস্থাকেই দুর্বিন শাহ ‘নিদ্রা’ অভিধায় চিহ্নিত করেছিলেন। আর বাঙালিকে ‘নিদ্রা’ থেকে জাগানোর যে আহ্বান শেখ মুজিবুর রহমান ঊনসত্তুর সালে দিয়েছিলেন, সেটাই পূর্ব পাকিস্তানে দিকে দিকে ক্রমাগত ধ্বনিত হতে থাকে। এর ফলে ১৯৭০ খ্রিস্টাব্দে এসে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাধ্য হয় নির্বাচন দিতে, আর সে নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অংশ নেয় আওয়ামী লীগ। সত্তুরের নির্বাচনের পক্ষে গান রচনা করে তা গেয়ে গ্রামীণ মানুষকে উজ্জীবিত করতে থাকেন দুর্বিন শাহ। তাঁর প্রচারণার ধরনটা ছিলÑ‘গত তেইশ বছরে মোদের বাঙালির অস্তিত্ব নাই/শাসক গোষ্ঠীর কারসাজিতে সোনার বাংলা হইল ছাই’।
    ‘সোনার বাংলা’কে সত্যিকার অর্থেই সোনার বাংলায় রূপান্তরিত করতে শেখ মুজিব ঘোষিত ছয় দফার ব্যাখ্যা ও সুফল এবং সত্তুরের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দুর্বিন শাহ একাধিক গান রচনা করেছেন। সে-রকম ৬টি গানের সমন্বয়ে ১৯৭০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাঁর ‘পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি’ শীর্ষক পুস্তিকাটি। সিলেটের ইউনাইটেড প্রেস থেকে এ পুস্তিকাটি মুদ্রিত হয়। ক্রাউন ১/৮ সাইজের এ পুস্তিকার পৃষ্ঠা সংখ্যা ১২। প্রকাশক নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়। মূল্য ২৫ পয়সা; প্রাপ্তিস্থান আল হেলাল লাইব্রেরী, ছাতক, সিলেট। পুস্তিকাটির আখ্যাপত্র ছিল এ-রকম :
আল্লাহু আকবার
পাকিস্তান জিন্দাবাদÑঃÑআওয়ামী লীগ জিন্দাবাদ
পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি
প্রণীত
পল্লীকবি পীর মোঃ দুর্বিন শাহ
ছাতক থানার নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগ এর জেনারেল সেক্রেটারী ও
ছাতক থানা আওয়ামী লীগের বিশেষ সদস্য।
[নৌকা প্রতীক]
প্রকাশক নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়।
প্রাপ্তিস্থান Ñআল হেলাল লাইব্রেরী, ছাতক, সিলেট।
মূল্যÑ.২৫ পয়সা
দি ইউনাইটেড প্রেস, সিলেট।
পুস্তিকাটিতে ‘দুটি কথা’ শীর্ষক প্রকাশকের একটি ভূমিকা মুদ্রিত হয়। এটি নি¤œরূপ :
দুটি কথা
    ১৯৭০ সালের নির্বাচনের বিষয় অবগত হইয়া কবির মনের ভাব ধারা অত্র গীতিকায় পল্লী গানের মাধ্যমে     […অস্পষ্ট] করা হইল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের প্রবর্তিত ৬টী দফার বিষয় বৃত্তান্তের রহস্য     মনঃপুত হওয়ায় কবি গানের মাধ্যমে উক্তি করিয়াছেন।
    পাঠক পাঠিকাগণ সাদরে গ্রহণ করিলে পরিশ্রম সার্থক মনে করিব। ইতিÑ
                                    প্রকাশক
সন ১৯৭০ ইং                                  নোয়ারাই ইউনিয়ন
১৩৭৭ বাংলা                                 আওয়ামী লীগ কার্য্যালয়
তার মানে ‘পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি’-এর ৬টি গানের সমন্বয়ে পুস্তিকা প্রকাশের একটি সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল। অথচ এর আগে ১৯৫০ থেকে ১৯৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত দুর্বিন শাহের ‘প্রেমসাগর পল্লীগীতি’ শীর্ষক গানের সংকলনের চারটি খণ্ড প্রকাশিত হলেও এগুলোতে মাত্র ১টি গণসংগীত পর্যায়ের গান মুদ্রিত হয়েছে। এরপর দুর্বিন শাহের আরও ৭টি গণসংগীতের সন্ধান পাওয়া যায়। সর্বসাকুল্যে এ পর্যন্ত তাঁর সংগৃহীত ১৪টি গণসংগীতের ৬টিই তিনি লিখেছিলেন ১৯৭০ খ্রিস্টাব্দের নির্বাচনের কিছুটা আগে। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে অনেকের মতো দুর্বিনও অনুপ্রাণিত হয়েছিলেন। আর ওই অনুপ্রেরণা থেকেই তিনি লিখেছিলেন ‘আমরা ভুলব না বাংলাদেশের হত্যা নমুনা’, ‘কেন ঘুম ভাঙে না মোদের কেন ঘুম ভাঙে না’, ‘হিন্দু-মুসলমান নৌকার বাক্সে ভোট করো দান’, ‘কী দিব তুলনা জগতে মিলে না’ এবং ‘প্রথমে আল্লার নাম স্মরণও করিয়া’ শীর্ষক গান ৫টি। এ ৫টি গানের সঙ্গে ‘আমাদের স্বাধীন পাকিস্তান’ শীর্ষক আরেকটি গান সংযুক্ত করে মুদ্রিত হয়েছিল তাঁর ‘পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি’ পুস্তিকাটি। পুস্তিকার নামের মধ্যেই সংকলিত গানগুলোর বিষয়বস্তু লুকিয়ে রয়েছে। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ববাংলার মানুষের আশা-নিরাশা-হতাশা-বেদনা-দীর্ঘশ্বাসে গানগুলোর শারীরিক আদল তৈরি হয়েছে। এসব গানে তিনি বাঙালির মুক্তির পথ দেখিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন এক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লড়াইয়েরÑযেটা পরে মুক্তিযুদ্ধতে গিয়ে ঠেকে। সে ভিন্ন কথা, মূলত ‘পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি’-তে মুসলিম লীগ, লাহোর প্রস্তাব, ছয় দফা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সত্তুরের নির্বাচনÑএসব বিষয়ই পরিস্ফুট হয়েছে। আর বাকিটা তো পুস্তিকাভুক্ত হওয়া নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় কর্তৃক প্রকাশিত ‘দুটি কথা’ থেকেই জানা যায়।
    ‘পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি’ প্রকাশের পর যে নির্বাচন হয়েছিল, সেখানে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলেও পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। কেন্দ্রীয় সরকার টালবাহানা শুরু করে। এ পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে পূর্ববাংলার মানুষ, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। তাঁর আহ্বানে মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশের আবাল-বৃদ্ধ-বণিতা, নয় মাস যুদ্ধ শেষে পূর্ববাংলার মানুষ জয়ী হয়। পূর্ববাংলা নতুন নাম ধারণ করে বাংলাদেশ নামক রাষ্ট্রে রূপান্তরিত হয়। স্বাধীন বাংলাদেশে দুর্বিন শাহ নতুন গান লেখেনÑ‘সোনার বাংলা হইল রে স্বাধীন, বাংলাদেশ হইল জয়/দূরে গেল দস্যু জাতির ভয়’। তবে দুর্বিন বহু সংগ্রাম-ত্যাগ আর রক্তে অর্জিত স্বাধীনতা অর্জনের বিষয়টিও ভুলে যান না, তাই তো তাঁর দৃপ্ত উচ্চারণÑ‘বাংলার পতাকা আমার বাংলার পতাকা/সবুজের মধ্যে সূর্য শহিদের খুনে মাখা’।
    এই যে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা হয়েছে, কতটুকুই বা সফলতা পেয়েছে মানুষ? ১৯৭০ খ্রিস্টাব্দে যে দুর্বিন শাহ শুনিয়েছিলেনÑ‘গরিব দুঃখী চাষি মজুর সবার সমান অধিকার’, সেই সাম্যনীতি কি মুক্তিযুদ্ধের ৪৩ বছর পরও বাস্তবায়িত হয়েছে? কিংবা ‘কৃষক চাষি মজুর যারা ন্যায্য দাবি পাবে তারা/শিকার হবে উপযুক্ত উন্নতি সাধনা/সর্ব ধর্মের কর্মক্ষেত্রে বাধা বিঘœ রবে না’Ñসে সময়ে দুর্বিনের বলা এসব কথাও কী সাম্প্রতিক সময়ে এসে ফাঁকা বুলির মতোই মনে হচ্ছে না? তারচেয়ে এই ভালো স্বাধীনতার পরপরই দুর্বিনের লেখা এ পঙ্ক্তিটির কথা স্মরণ করিয়ে দেওয়াÑ‘সোনার বাংলা গড়ব মোরা বাসনা রাখি বুকেতে’। এই ‘বাসনা’ অর্থাৎ স্বপ্ন বুকে লালন করেই অপার সম্ভাবনার বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে চিরবিস্ময় হয়ে হাজির হবেÑএ প্রত্যাশা করাই বরং শ্রেয়তর।    
লেখক: লোকগবেষক ও নিজস্ব প্রতিনিধি, দৈনিক প্রথম আলো, সিলেট।  

  • [১]