- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্ভোগ- নবীনগর হালুয়ারঘাট সড়ক

আকরাম উদ্দিন
শহরের নবীনগর-হালুয়ারঘাট সড়কের উন্নয়ন নেই। দীর্ঘদিন যাবত এই সড়কের দু’টি ভাঙ্গনের উন্নয়ন হচ্ছে না। ধারারগাঁও পয়েন্ট এলাকায় একটি ভাঙ্গন, অপরটি নবীনগরের শেষ প্রান্তে। মূল ভাঙ্গনে কাজ না হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে গাড়ী ও মানুষ চলাচল করছেন।
এই দুই ভাঙ্গনের কিনারে নিচু করে নামে মাত্র গার্ড ওয়াল নির্মাণ করা হয়েছে। কিন্তু মূল ভাঙ্গনের স্থলে কোনো মাটি ভরাট করা হয়নি। মাটি ভরাট না হওয়ার কারণে গ্যাস লাইনের পাইপ বেরিয়ে গেছে। যে কোনো সময় দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এছাড়াও এই সড়কের বিভিন্ন স্থানে ঢালাই উঠে গেছে। ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি ও মানুষ চলাচলে সমস্যা হচ্ছে।     নবীনগর-হালুয়ারঘাট সড়কে প্রতিদিন সুরমা নদীর উত্তরপাড়ের তিন ইউনিয়নের প্রায় দুইলাখ মানুষ এবং স্যানক্রেড হাসপাতালে প্রতিদিন রোগীরা যাতায়াত করেন। অতিগুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ ১০ বছর ধরে পরিকল্পিত ও সুষ্ঠু উন্নয়ন হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এই সড়ক দিয়ে প্রতিদিন শহর থেকে হালুয়ারঘাট পর্যন্ত হাজারো ইজিবাইক ও মোটর সাইকেল চলাচল করে থাকে। গাড়িগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বলে জানান একধিক চালক।
নবীনগরের বাসিন্দা রুবেল আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দুই ভাঙ্গনের কোনো উন্নয়ন হচ্ছে না। সড়কের  উন্নয়ন না হওয়ায় এখন বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হচ্ছে।’
ইজিবাইকের চালক বাবলু মিয়া বলেন, ‘গাড়ি চালাতে গিয়ে সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনায় পড়ে যেতে পারি। সে জন্য এই সড়কে গাড়ি চালাতে খুব ভয় করে।’
স্যানক্রেড হাসপাতালের ম্যানেজার আমিনুল হক বলেন, ‘এই সড়ক জন চলাচলে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করেন এই সড়ক দিয়ে। দুই ভাঙ্গনসহ সড়কের সুষ্ঠু মেরামত হওয়া জরুরি প্রয়োজন।’
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল আহমেদ বলেন, ‘এই দুই ভাঙ্গনের কাজ ঠিকাদার করছে। সড়কের ধারে শুধু গার্ড ওয়াল দেয়া হয়েছে, সেটা আমি দেখেছি। সুষ্ঠুভাবে যাতে কাজ হয় সে জন্য আমি নিজে গিয়ে দেখবো।’

  • [১]