- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তারা-সকলে মিলেই সংকট মোকাবেলা করতে হবে

স্টাফ রিপোর্টার
টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-     
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুল রহমান মিসবাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার, সফিউল আলম, কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সহকারী পুলিশ সুপার তাপস ঘোষ, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, সাংবাদিক ও আইনজীবী আইনুল ইসলাম বাবলু, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক তাহের আলী, জেলা রোভার স্কাউটস’র সাধারণ সম্পাদক শাহ্ আবু নাসের, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল প্রমুখ।
সভার শেষ পর্যায়ে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘টানা বর্ষণে বন্যার আশংকা দেখা দিয়েছে। বন্যা মোকাবেলায় মানুষের পাশে থাকতে জেলা প্রশাসন পূর্ব প্রস্তুতি হিসাবে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে সকল উপজেলায় এবং ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বন্যা আশ্রয় কেন্দ্র খোলারও নির্দেশ দেওয়া হয়েছে। ট্রলারসহ সকল লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা রাখা হচ্ছে। শুকনো খাবার কিনে রাখা হচ্ছে। ইতিমধ্যে ১০ হাজার টাকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেওয়া হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং খাদ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিস্থিতি অবহিত করা হয়েছে।
সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ পানি বাড়তে শুরু হওয়ায় দুর্যোগের আশংকা দেখেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ডাকায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘উপজেলা ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আশ্রয় কেন্দ্র খোলতে হবে। ফসল হানির পর আবার দুর্যোগের আশংকা দেখা দিয়েছে। আমরা চাই এমন দুর্যোগ যাতে না আসে। এমন পরিস্থিতি হলে সকলে মিলেই মোকাবেলা করতে হবে।’

  • [১]