- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মরমি সাধক হাসন রাজার পৌত্র সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ প্রাক্তন এমএনএ দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরীর ৩৪তম মৃত্যুবাষির্কী আজ। ১৯৮২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী মহান মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জের সর্বদলীয় স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের আহবায়ক এবং বালাট সাব সেক্টরের বেসামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৫ সাল থেকে একাধারে ১২ বছর সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দীর্ঘদিন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের (এমএনএ) সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালের নির্বাচনের আগে মার্চ মাসে নির্বাচনী প্রচারণায় সুনামগঞ্জে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী’র হাসননগরের বাসভবনে ওঠেন। সুনামগঞ্জ স্টেডিয়ামে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধে তিনি বালাট সাব সেক্টরে সংগঠকের দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সনে দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
গণতন্ত্রী দলের কর্মী হিসেবে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৬২ সালে ন্যাশনেল ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দেন। এরআগে ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, সিলেটের রেফারেন্ডাম আন্দোলন, ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৪৫ সালে শিলং এডওয়ার্ড কলেজ থেকে বিএ পাশ করেন। তাঁর দুই ছেলে দেওয়ান মোসাদ্দেক রাজা চৌধুরী, দেওয়ান মোকাদ্দেম রাজা চৌধুরী ইতিপূর্বে ইন্তেকাল করেছেন। ছোট ছেলে দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • [১]