লিপসন আহমদ
দ. সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুনামগঞ্জ-দিরাই রাস্তার দেবগ্রাম-বোগলাখাড়ার বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসা-বাণিজ্যে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেয়া, অসুস্থ ও মুমূর্ষু রোগীদের জেলা সদর ও সিলেটে আনা নেয়া এবং সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী বৃহত্তর জনগোষ্ঠীর কথা বিবেচনা করে ব্রিজটি দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
দিরাই বাজারের বাজে মালের ব্যবসায়ী আলী আহমদ বলেন,‘শনিবার রাতে সিলেট থেকে আমার ১০ বস্তা পিঁয়াজ, রসুন এসেছে। কিন্তু ব্রিজ ভেঙে যাওয়ায় এখন পর্যন্ত পিঁয়াজ, রসুন ব্রিজের ওপাশে রয়েছে। নিরাপত্তাহীনতার মধ্যে রাস্তার সেগুলি রয়েছে। অতিরিক্ত গাড়ি ভাড়াও গুনতে হচ্ছে এজন্য।
প্রাণ কোম্পানির পরিবেশক আলহাবিব আহমদ বলেন,‘ ব্রিজটি ভেঙে যাওয়ায় কোম্পানীর ৫০,০০০ টাকার মালামাল নিয়ে আমি চরম দুশ্চিন্তায় আছি। সময়মত সেগুলি ডেলেভারি না দিতে পারলে কোম্পানীর সঙ্গে আমাকেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
তিনি বলেন, সুযোগ বুঝে দুই পাড়ের মালামাল পরিবহনকারী যানবাহনের চালকরা ভাড়াও বাড়িয়ে দ্বিগুন করে দিয়েছে।
হঠাৎ অতিরিক্ত ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে লেগুনা হেলপার সুহেল আহমদ বলেন,‘ভাই ভাড়া বেশী না নিয়ে উপায় নাই। ব্রিজ বেঙ্গে যাওয়ায় আমরা গাড়ি নিয়ে শহরে যেতে পারছি না আবার ব্রিজের বিপরীত দিকের গাড়ি সিএনজি ভরতে পারবে না ব্রিজ ঠিক না হওয়া পর্যন্ত। এসব কারণেই ভাড়া বাড়ছে।
হয়তো আর একটা ট্রিপ দিতে পারব এরপরই গাড়ি আর চলবে না।
উলেখ্য, শনিবার বিকালে একসাথে পণ্যবাহী ভারী দুই যানের ভারে ভেঙে পড়ে সুনামগঞ্জ-দিরাই রাস্তার দেবগ্রাম-বোগলাখাড়ার বেইলি ব্রিজটি। বোগলাখাড়ার গ্রামের কাছে ধরার খালের উপর ব্রিজে মাটি কাটার এক্সেভেটর ভর্তি একটি ট্রাক ও পণ্যবাহী আরেকটি কাভার্ড ভ্যান একসাথে উঠে পড়লে এই ঘটনা ঘটে। ট্রাক ও কাভার্ড ভ্যান দু’টিই দিরাই থেকে সুনামগঞ্জ আসছিল।
দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ড ভ্যানের চালকসহ দুইজন আহত হয়।