মালয়েশিয়ায় অবৈধভাবে অভিবাসী বাংলাদেশি নাগরিক সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের ইসবপুর গ্রামের দেবাংশু পালের অমানবিক বিদেশযাত্রা যে করুণ উপাখ্যান গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত হয়েছে সেটি আমাদের রেমিটেন্স পাঠানো বিদেশি শ্রমিকদের একটি বড় অংশের বাস্তবতা। দেবাংশু জীবন হাতে নিয়ে যেভাবে সাগরপাড়ি দিয়ে দুইমাস সাগরে ভেসে জঙ্গলে লুকিয়ে দালালের খপ্পরে পড়ে শেষ পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে সামান্য একটুখানি কাজের সন্ধান পেয়েছে সেটি যেকোন রোমাঞ্চ গল্পকেও হার মানায়। ভাগ্য ভাল, দেবাংশু শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছে। সেইসব হতভাগ্য বিদেশযাত্রীর মতো মারা পড়তে হয়নি যারা সাগরপথে ক্ষুধার জ্বালায় প্রাণ দিয়েছেন, যারা বিদেশি দালালদের জিঘাংসার শিকার হয়ে হত্যার শিকার হয়েছেন অথবা জঙ্গলের গহীনে যাদেরকে মেরে ফেলা হয়েছে। দেবাংশুরা এভাবেই জীবিকার সন্ধানে পরিবারকে একটুখানি স্বচ্ছলতা উপহার দিতে বিদেশ পাড়ি জমায়। কষ্ট-ঘামে উপার্জিত সামান্য উপার্জনের রিঙ্গিত অথবা দিনার দেশে পাঠায়। সেই রিঙ্গিত-দিনারের বদৌলতে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্ফিত হয়। আমরা মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু দেবাংশুদের জীবনে কি এতে পরিবর্তনের কোন ছুঁয়া লাগে? দেবাংশু বা তার মতো লক্ষ লক্ষ তরুণদের পাঠানো বৈদেশিক মুদ্রা দিয়ে তাদেরই কল্যাণে কোন জাতীয় কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে? বিদেশের অপরিচিত, বিপদসংকুল ও প্রতিকূল পরিবেশে কষ্টকর কাজে নিয়োজিত অভিবাসীদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের কোন ব্যবস্থা করতে পারছি কি আমরা? এটা হতে পারে না যে, একটি দেশ থেকে অনাদিকাল পর্যন্ত লোকজন শুধু দক্ষ-অদক্ষ শ্রমিক হিসাবে বিদেশ যাবে। এরকম অবস্থা অব্যাহত থাকলে ওই দেশের উন্নয়নের দর্শন নিয়েই প্রশ্ন উঠে। এ হবে সুদৃশ্য ইমারতের পাশে মুখ হা করে দাঁড়িয়ে থাকা হতশ্রী বস্তির সারির মতো অসম উন্নয়নের চিত্র। এ হবে আত্মমর্যাদাহানিকর। দেবাংশুরা যখন দেশেই কাজ করার অবারিত সুযোগ পাবেন, যখন কেবল দক্ষ লোকেদের বিশেষজ্ঞ সেবা নিতে বিদেশ থেকে চাহিদা আসবে, তখন বুঝতে হবে দেশের প্রকৃত উন্নয়ন ঘটছে।
পৃথিবীর এমন কোন দেশ খুঁজে পাওয়া দুস্কর যেদেশে বাংলাদেশি বাঙালি অভিবাসী নেই। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিশ্বের সব জায়গাতেই সাহসী ও পরিশ্রমি বাঙালিদের পদচারণা ঘটেছে। ভেতো বাঙালি নিজের জাতিগত অপবাদ ঘুচিয়ে আজ বিশ্ব নাগরিক হিসাবে নিজেদের গৌরবের পতাকা উড়াচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়ার রাজনীতির মূল ¯্রােতেও অংশ নিচ্ছেন বাঙালিরা। এই অভিবাসীরা বাংলাদেশের এক একজন দূত হয়ে নিজের দেশকে বাইরে পরিচিত করাচ্ছেন। দুই শ’ বছর আগে জাহাজে চড়ে ইংল্যান্ডে পাড়ি দিয়ে যে সূচনা ঘটেছিল বাঙালির বিদেশ যাত্রার, সেটি ক্রমশই বাড়তে বাড়তে এখন পুরো পৃথিবীর মানচিত্রকে নিজের করে নিয়েছে। বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম খুঁটি হিসাবে কাজ করছে এই অভিবাসীরা গত দুই শ’ বছর ধরেই। এই ধারা প্রবহমান থাকবে সামনের আরও অনেক বছর।
তবে অবশ্যই দেবাংশুদের মতো ঝুঁকি কমাতে হবে বিদেশ যাত্রার। এজন্য দেশের অভ্যন্তরে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সে সক্ষমতা রয়েছে। উপযুক্ত নেতৃত্ব আর সঠিক কর্মপরিকল্পনা অবশ্যই সেই দৃশ্যপট রচনা করতে সক্ষম যে প্রেক্ষাপটে অন্তত ক্ষুন্নিবৃত্তি নিবারণের জন্য বাঙালির বিদেশযাত্রা রোধ করতে সক্ষম হবে। কারণ পৃথিবীর কোন উন্নত রাষ্ট্রের নাগরিক বিদেশে শ্রমিকের বিড়ম্বিত কাজে নিয়োজিত থাকার উদাহরণ নেই। আমরা যখন মধ্যম আয়ের স্তর থেকে উন্নত রাষ্ট্রের সীমানায় ঢুকার চিন্তা শুরু করছি তখন অবশ্যই দেবাংশুদের বিষয়টি গভীরভাবে মাথায় রাখতে হবে সকলকে।