- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়ে উঠুক সব প্রতিবন্ধকতা দূর করে

দেশে আর্থিক খাতে গত পাঁচ বছরে মূলধন বেড়েছে। তবে সেবা খাতের তুলনায় শিল্পে বিনিয়োগ হয়েছে কম। যে কারণে শিল্পে বিনিয়োগ এখনও জিডিপির আকারের তুলনায় ২০ থেকে ২২ শতাংশে আটকে রয়েছে। এছাড়া বেসরকারী খাতে ঋণ প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রার তুলনায় কম হচ্ছে। গ্যাস ও বিদ্যুতের অপর্যাপ্ত সরবরাহ, জমির সঙ্কটও কারণ। অনেক বিনিয়োগকারী অবকাঠামো তৈরি করে রেখেছে, কিন্তু গ্যাস ও বিদ্যুতের কারণে উৎপাদনে যেতে পারছে না। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে অনেক শিল্প গড়ে উঠেছে পরিকল্পনাহীনভাবে। অনেকে শিল্প-কারখানা স্থাপনের আগে তার যথার্থতা যাচাই করে না। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন বিনিয়োগের অবশ্য বিকল্প নেই। নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠলে অর্থনৈতিক কর্মকা- বেড়ে যাবে। গতিশীল হবে অর্থনীতি। রফতানি বাণিজ্যের পাশাপাশি দেশের অভ্যন্তরে নতুন পণ্যের বাজারও সৃষ্টি হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়নকে বর্তমান সরকার নতুন করে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১০০টি স্থানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কর্মসূচী নিয়েছেন। প্রথম দফায় দশটি অঞ্চলের উদ্বোধন করেছেন। একটি বিশেষ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে তার সুবিধা অন্য শিল্পের ওপরও পড়ে। একটি শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট শিল্প গড়ে উঠতে পারে। দেশে একটি নিয়মশৃঙ্খলা গড়ে ওঠে, যা ভবিষ্যতের জন্য কার্যকর ও জরুরী। সরকার বলেছে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করলে গ্যাস ও বিদ্যুত সরবরাহ পাওয়া যাবে। সরকার আরও ইপিজেড গড়ে তুলতে আগ্রহী। এসব স্থানে বিদেশী বিনিয়োগ এলে দেশের শ্রমশক্তি কাজে লাগানো যাবে। বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধা আছে সেসব অপসারণ জরুরী। বিদেশীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সেক্ষেত্রে তাদের অবকাঠামোগত সহায়তার পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থা চালু করতে হবে। দেশে আরেকটি নৌবন্দর হচ্ছে। সুতরাং আমদানিনির্ভরতা হ্রাস করে দেশে শিল্পায়ন জরুরী। দেশীয় বিনিয়োগকারীরাও এগিয়ে আসতে পারেন অনায়াসে। অর্থের কোন সঙ্কট নেই। ব্যাংকে প্রচুর অর্থ অলস রয়েছে। বিনিয়োগের পরিবেশও তৈরি হয়েছে। সরকার এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে ঘোষণাও দিয়েছে। বিনিয়োগের সঙ্কট দূর করতে নয়া আইনও হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হচ্ছে। বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন বোর্ডকে একীভূত করা হলেও র্দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন জরুরী। ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগে আইনী সহায়তাসহ অন্যান্য সমস্যার সমাধান করাটাও সঙ্গত।
২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এমন লক্ষ্য পূরণে শিল্পায়ন তথা বিনিয়োগ জরুরী। কাজটি সহজসাধ্য নয় যদিও, তবে এ খাত জিডিপির প্রবৃদ্ধি আরও বাড়াবে। প্রবৃদ্ধি বাড়াতে হলেও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ কার্যকর করতে হবে। দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়ে উঠুক সব প্রতিবন্ধকতা দূর করে এই প্রত্যাশা আমাদের।

  • [১]