জনৈক যুবকের ফেসবুকে ইসলাম অবমাননাকর ফটো পোস্ট করার কথিত অভিযোগ এনে কুমিল্লার নাসিরনগর উপজেলায় ব্যাপকভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের ঘটনাটিকে অস্বীকার কিংবা হালকা করে দেখার একটি প্রবণতা দেখা যাচ্ছে, বিশেষ করে স্থানীয় প্রশাসন ও এলাকার সরকার দলীয় মন্ত্রী-সাংসদদের মধ্যে। তাদের মতে ওখানে সেদিন তেমন কিছু ঘটেনি এবং এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। তাঁরা বরং এ নিয়ে লেখালেখি করা গণমাধ্যমকর্মীদের দোষারোপ করেছেন। স্থানীয় এই চিত্রের বিপরীতে মঙ্গলবার রাতে গণভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে যেকোন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরূপ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই মনোভাব দেশের ধর্মীয় সংখ্যালঘুদের মনে স্বস্তিভাব ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আমরা মনে করি। কিন্তু স্থানীয় নেতারা যখন ঘটনাকেই অস্বীকার বা হালকা করে ফেলেন তখন এই স্বস্তিভাব উধাও হতেও সময় লাগে না। এলাকার নেতাদের এই ধরনের মনোভাব দুস্কৃতকারীদের নিশ্চিতভাবেই উৎসাহ জোগায়।
বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি এক ধরনের আঁকাবাঁকা লাইনের মতো করে এগোচ্ছে সবসময়। ফি বছর দেশের কোথাও না কোথাও একেক আকারে কিংবা প্রকারে ধর্মীয় সংখ্যালঘুদের উপর পীড়ণের খবর পাওয়া যায়। কখনও এর মাত্রা মৃদু আবার কখনও এটি তীব্রভাবে অনুভূত হয়। পার্বত্য চট্টগ্রামের রামু ঘটনার পর সম্ভবত এবারের নাসিরনগর ট্র্যাজেডিটি ছিল এরকম তীব্র ঝাঁকুনি দেয়া একটি দুর্ঘটনা। রীতিমতো পরিকল্পনামাফিক ওখানে একটি চক্র সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ পরিচালনা করেছে। অন্ধ হলেই যেমন প্রলয় বন্ধ হয় না তেমনি স্থানীয় ক্ষমতাধর মন্ত্রী বা সাংসদ যতোই বিষয়টিকে হালকা করে দেখুন না কেন ইতোমধ্যে সারা বিশ্ব জেনে গেছে ওই দিন নাসিরনগরে এবং এর জের ধরে হবিগঞ্জের মাধবপুরে কী ঘটে গিয়েছে। লজ্জাজনকভাবে আমাদের ছাতক উপজেলায়ও এ সপ্তাহে দুইটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তিকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করছে নিঃসন্দেহে।
প্রশাসন, মন্ত্রী পরিষদ, সরকার দলীয় সংসদ সদস্য বা মন্ত্রীদের দায়িত্ব হলো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা। শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করে চলেছেন। এখন নাসিরনগর বা এরকমভাবে দেশের অন্য কোথাও যদি প্রশাসনের বা দলের একটি ছোট অংশের অবহেলার কারণে এই লক্ষ অর্জন বাধাগ্রস্ত হয় তখন জাতীয় অর্জনকেই সেটি বাধাগ্রস্ত করে। আওয়ামী লীগের তৃণমূল যতদিন পর্যন্ত কেন্দ্রের মনোভাব অনুধাবন ও বাস্তবায়নে মনোনিবেশ না করবে ততদিন পর্যন্ত এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা রুখার সাধ্য কার?
ছাতকের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এক গণমাধ্যমকর্মীকে আটক করা হয়েছে। গণমাধ্যম কর্মীর মতো কোন দায়িত্বশীল ব্যক্তি যখন এরকম ন্যাক্কারজনক ঘটনায় সম্পৃক্ত হয়ে পড়েন তখন বুঝা যায় পঁচন সমাজের কতো গভীরে গিয়ে পৌঁছেছে। এরকম জটিল পরিস্থিতিতে যদি ক্ষমতাসীন দলের সবগুলো রিড এক সুরে বেজে না উঠে তখন সুরের পতন ঘটতে বাধ্য। দেশের ধর্মীয় সংখ্যালঘুদের মনে স্বস্তিভাব ফিরিয়ে আনা এখন একটি জরুরি দায়িত্ব। ছাতকের ঘটনায় জড়িত ওই গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে এবং নাসিরনগর বা মাধবপুরে যারাই পরিস্থিতি অবনতির লক্ষ নিয়ে কাজ করেছেন তাদের সকলকে আইনের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমরা তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাই।