- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দেশের মানুষ হরতাল-অবরোধ-বিশৃঙ্খলা চায় না : পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর অফিস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা লাল সবুজের মানচিত্র পেয়েছি আর তাঁর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কে উন্নত রাষ্ট্রের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে দিনরাত কাজ করছেন। তিনি বলেন, দেশের মানুষ আর হরতাল অবরোধ বিশৃঙ্খলা চায় না শান্তিতে বসবাস করতে চায়।
তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার আর আমি উন্নয়নের একজন কর্মী। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় বাংলাদেশ কে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগের প্রতি আস্থা রাখতে হবে। তিনি বলেন, যথাসময়ে দেশে নির্বাচন হবে। কেউ অংশ না নিলে নির্বাচন থেমে থাকবে না। তবে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবার উচিত নির্বাচনে অংশ নেওয়া।
রবিবার বিকালে জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম’র সভাপতিত্বে ও এলজিইডির অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ।
এরআগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নলজুর নদীর ওপর প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিকালে পরিকল্পনা মন্ত্রী ডাক বাংলা সড়কের নলজুর সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেন।

  • [১]