- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দেড় মাসেও ভাতা পায়নি ৫০ প্রশিক্ষণার্থী

ধর্মপাশা প্রতিনিধি
প্রশিক্ষণ শেষ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে দুটি প্রশিক্ষণ ট্রেডের প্রশিক্ষণার্থীরা তাদের প্রাপ্ত ভাতার টাকা এখনও পায়নি। দ্রুত সেই ভাতার টাকা পাওয়ার দাবি জানিয়ে জুঁই আক্তার, মিমুন্নাহার, জান্নাতুল, মারিয়া আক্তার, বিলকিস, শিউলি ও ইতিমনি নামের সাতজন প্রশিক্ষণার্থী মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তবে মহিলা বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন ভাতার চেক প্রস্তুত রয়েছে। আগামী সপ্তাহে তা বিতরণ করা হবে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে গত বছরের অক্টোবর-ডিসেম্বর সেশনে ‘ফ্যাশন ডিজাইন’ ও ‘বিউটিফিকেশন’ ট্রেডের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি ট্রেডে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী প্রতিদিন ২০০ টাকা হারে ৬০ কর্মদিবসের সর্বমোট ১২ হাজার টাকা ভাতা পাবার কথা রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে প্রশিক্ষণ শেষ হলেও মঙ্গলবার পর্যন্ত কেউ সেই ভাতার টাকা পায়নি। প্রশিক্ষণার্থীরা সংশ্লিষ্টদের কাছে বারবার ঘুরেও কোনো সদোত্তর পাচ্ছে না। তাই নিরুপায় হয়ে বিউটিফিশন ট্রেডের সাতজন প্রশিক্ষণার্থী মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম বলেন, ‘একাউন্ট থেকে ভাতার টাকা উত্তোলন করা আছে। চেকও রেডি করা আছে। কমিটির সভাপতি ইউএনও স্যারের সাথে মিট করার চেষ্টা করছি। উনি উদ্বোধন করে দুই-চারজনকে দিয়ে দিলে বাকিগুলো আমরা দিয়ে দিবো। প্রশিক্ষণার্থীরা ভাতার টাকা পাবে এটা শতভাগ নিশ্চিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, ‘প্রশিক্ষণার্থীরা যাতে দ্রুত তাদের নির্ধারিত ভাতার টাকায় পায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • [১]