- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষপূর্তি অনুষ্ঠানে সুধীজন- ‘জনগণের সাথে কানেক্টিভিটি বাড়াচ্ছে এই পত্রিকা’

বিন্দু তালুকদার, আকরাম উদ্দিন ও সজিব দে
দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষপূর্তির আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন মাতৃভূমি যখন একটি চমৎকার উন্নয়নের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল যখন একুশ শতকের অপার সম্ভাবনা আমাদের হাতছানি দিয়ে ডাকছিল তখনই ধর্মীয় সন্ত্রাসবাদ ও জঙ্গিগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। মূলত এরা বাঙালি নয়। এরা চিরায়ত বাঙালির সনাতন বৈশিষ্ট থেকে বিচ্ছিন্ন। এরা ভাষায়, চিন্তায়, পোশাকে, আচরণে আবহমান গ্রাম-বাংলার সাধারণ মানুষের চাইতে ভিন্ন। এরা বাঙালি জাতিসত্বা থেকে বিচ্ছিন্ন বলেই হত্যালীলায় মেতে উঠতে পারে। সরকার এদের শক্ত হাতে মোকাবিলা করছে। জনগণকে এই উন্নয়ন বিধ্বংসী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জঙ্গিবাদের মৃদু কাঁপুনিকে পরাস্ত করেই শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব। আর এই স্বপ্নপূরণে দৈনিক সুনামগঞ্জের খবরকে সহযাত্রী হিসাবে পেতে চাই আমরা।’
দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক অ্যাড. স্বপন কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় মন্ত্রী আরও বলেন, ‘দৈনিক সুনামগঞ্জের খবর আমি নিয়মিত পাই এরং আনন্দের সাথে পাঠ করি। পত্রিকায় এলাকার সংবাদ দেখে ভাল লাগে। জনগণের সাথে আমার কানেক্টিভিটি বাড়াতে পত্রিকাটি সহায়ক ভূমিকা পালন করছে। পাঠকপ্রিয় এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।’  ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীকের প্রস্তাব মোতাবেক  দোয়ারাবাজারে সুরমা নদীর উপর মুক্তিযোদ্ধা সেতু নির্মাণের কাজ এই সরকারের আমলেই শুরু করা হবে বলে মন্ত্রী তাঁদেরকে আশ্বস্থ করেন।
জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে শনিবার বিকালে পত্রিকার সহকারী সম্পাদক জাহাঙ্গির আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভার শুরুতে পবিত্র কোরআন  তেলওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে হাফিজ আত্উার রহমান লস্কর ও কৃষ্ণগোপাল গোস্বামী।  
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবাহ, প্রখ্যাত সাংবাদিক সালেহ চৌধুরী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পুলিশ সুপার হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। মঞ্চে উপবিষ্ট ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু।
প্রখ্যাত সাংবাদিক সালেহ চৌধুরী বলেন, আমি হতাশ মানুষ নই। এই জাতি লড়াকু জাতি। নতুবা সুসজ্জিত পাকবাহিনীকে পরাস্থ করে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। তাই দেশে আজ যে জঙ্গিবাদের হুমকি সেটি নিয়ে আমি খুব বেশি ভীত নই। কারণ বাঙালি চিরকাল ধার্মিক কিন্তু ধর্মীয় গোড়ামিমুক্ত। বাঙালি সহিষ্ণু জাতি। এই জাতির আসল মূল্যবোধই যাবতীয় হুমকিকে পরাভূত করবে। তিনি কৃষিতে ভর্তুর্কি ও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, নতুবা কৃষির প্রতি কৃষকের আগ্রহ কমে যাবে। সুনামগঞ্জে বহু আদর্শবান ও অনুকরণীয় মণীষী রয়েছেন উল্লেখ করে তিনি দৈনিক সুনামগঞ্জের খবরের উদ্দেশ্যে বলেন, আপনারা তাদের স্মরণের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে আদর্শবান হিসাবে গড়ে তুলুন। সুনামগঞ্জের সম্পদ, সম্ভাবনা ও সংকটকে পত্রিকার পাতায় তোলে ধরুন। বিজ্ঞাপন একটি জটিল সমস্যা উল্লেখ করে তিনি বলেন, পত্রিকাকে পাঠকপ্রিয় করুন, বিজ্ঞাপনদাতারা আপনার পিছনে এমনিতেই আসবে। IMG_1645
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, সাংবাদিকদের কেউ কেউ একে অস্ত্র বানিয়ে অন্যের চরিত্র হনন করেন। আমি নিজে এমন অপসাংবাদিকতার শিকার হয়েছি। আপনারা এমন সাংবাদিকতা থেকে দূরে রয়েছেন। আশা করব ভবিষ্যতেও এই ধারা বজায় রাখবেন। এখন কালো টাকার মালিকরা পত্রিকার মালিক হয়ে নিজেদের বাণিজ্য সা¤্রাজ্য পাহারায় পত্রিকাকে নিয়োজিত করেন। আপনারা মিথ্যার বেসাতি না করে প্রতিহিংসাপরায়ণ না হয়ে ভাল পথে থাকুন। তিনি দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা সেতু নির্মাণে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর সহায়তা কামনা করেন।
সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুনামগঞ্জের খবর পাঠকদের কাছে অপরিহার্য জিনিসে পরিণত হয়েছে। বিজ্ঞাপনের বাজার ছোট থাকলেও সম্পাদক বস্তুনিষ্ঠতা বজায় রেখেছেন, যা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি পরামর্শ দিয়ে বলেন, আপনারা এমন অবস্থা তৈরি করুন যাতে আমরা মনে করতে পারি, পত্রিকাটি না পড়া মানে নিজের পিছিয়ে যাওয়া। সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, সুনামগঞ্জে সংঘটিত যাবতীয় অন্যায়-অবিচার, সম্ভাবনা ও প্রাপ্তি সব বিষয়ে আপনারা সুনামগঞ্জের চতুর্থ স্তম্ভ হয়ে উঠুন। ধর্মীয় জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে তরুণদের উদ্বুদ্ধ করে আপনারা প্রতিনিয়ত নিজেদের অতিক্রম করার চেষ্টা করুন। আপমাদের নিরন্তর সমর্থন অব্যাহত থাকবে।
তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, দেশ ও জাতিগঠনে গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শুধু নগর ও বিদেশকেন্দ্রীক জনপ্রিয়তা অর্জন করেই চলবে না, পত্রিকাকে পৌঁছে দিতে হবে গ্রাম-বাংলার মানুষের কাছে। তারা যাতে পত্রিকা পড়ার সক্ষমতা অর্জন করতে পারেন, সেজন্য পত্রিকাগুলোকেই বিশেষ ব্যবস্থা নিতে হবে। কেন সুনামগঞ্জে মেয়েরা শিক্ষায় পিছিয়ে আছে, বিদ্যালয় থেকে কেন শিক্ষার্থী ঝরে পড়ে, তার কারণ তুলে আনতে হবে আবার এই বর্ষায় কেন বজ্রপাতের আধিক্য বেশি হয়, কেন ফ্লাশ ফ্লাডে আমাদের ফসল নষ্ট হয়, সাপে কাটার হাত থেকে রক্ষা পাওয়ার কী উপায়, সে সম্পর্কে জনগণকে আপনাদের সচেতন করে তুলতে হবে। বাংলাদেশ মধ্যম আয়, স্থায়ীত্বশীল উন্নয়ন, উন্নত আয়ের দেশের লক্ষ্যমাত্রা অর্জনসহ যে ডেলটা পরিকল্পনা হাতে নিয়েছে, সেখানে গণমাধ্যমকে ওয়াচডগের ভ’মিকায় অবতীর্ণ হতে হবে। তিনি সুনামগঞ্জে একটি কমিউনিটি রেডিও স্থাপনের অনুমোদন রয়েছে উল্লেখ করে বলেন, আশা করব জেলা প্রশাসক এটি অচিরেই চালু করার ব্যবস্থা নিবেন। দৈনিক সুনামগঞ্জের খবর সম্পর্কে তথ্যসচিব উল্লেখ করেন, প্রতিদিন সারা দেশ থেকে ৩০/৩৫টি দৈনিক পত্রিকা আমি সৌজন্য পাই। অন্যগুলো না পারলেও সুনামগঞ্জের খবর সময় করে পাঠ করি।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, এই ছোট্ট পত্রিকাটি ঘুম থেকে উঠেই দেখতে পাই। ভাষা, খবর, সম্পাদকীয়, শব্দচয়ন ভাল। এই পত্রিকার পাঠক সংখ্যা জেলার অপরাপর জাতীয় দৈনিকের পাঠকের চাইতেও বেশি বলেই আমার মনে হয়েছে। তিনি বলেন, শুধু উচ্চশিক্ষা নিলেই হবে না, নাড়ি, মাটি ও মানুষের সাথে সন্তানদের সম্পর্কিত করতে হবে। তবেই সন্তানরা বেপথু হবে না। তরুণ প্রজন্মকে সঠিক পথের সন্ধান দিতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, আপনারা গত চার বছরে জনগণের সাথে মিশে গেছেন। সম্পর্কের এই মাধুর্য ভবিষ্যতেও বজায় রাখতে হবে। ইতিবাচক সাংবাদিকতা করার পরামর্শ দিয়ে তিনি বরেন, অনেকে সাংবাদিকতার নামে ব্যক্তির চরিত্র হনন করে থাকেন। এই ধরনের চরিত্র হননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রেসকাউন্সিলকে আরও শক্তিশালী করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আইনজীবী, চিকিৎসকসহ পেশাজীবীদের যেরকম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থাকেন প্রেসকাউন্সিলকেও অনুরূপ ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের ন্যুনতম প্রশিক্ষণ ও সনদপত্র দানের ব্যবস্থার আওতায় আনা দরকার বলেও তিনি মন্তব্য করেন। তিনি সুনামগঞ্জের খবরকে সুনামগঞ্জের শিক্ষার্থীদের পুষ্টিহীনতার বিষয়টিকে জাতীয় পর্যায়ে তুলে আনার আহ্বান জানিয়ে বলেন, আপনারা শিশুদের জন্য পৃথক পাতা প্রকাশ করুন, যাতে শিশুরা সুন্দর মানসিকতা গড়ে তুলতে পারে।
পুলিশ সুপার হারুন অর রশিদ তাঁর বক্তব্যে জঙ্গিবাদের বিস্তার, এর বৈশ্বিক প্রেক্ষাপট ও করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করে বলেন, আইএস’র জন্ম সিরিয়ায়। সারা বিশ্বের মুসলমানদের প্রধান শত্রু ইসরাইল সিরিয়ার নিকটে। কিন্তু এ যাবত ইসরাইলে আইএস’র কোন আক্রমণ পরিচালিত হয়নি। আইএস বেছে বেছে মুসলমান রাষ্ট্রে আক্রমণ কওে, এমনকি তারা পবিত্র মদীনাকেও আক্রমণের লক্ষবস্তু নির্ধারণে পিছ পা হয় না। এই আইএস মূলত ইসরাইলের গোয়েন্দা সংস্থা মুসাদের নিয়ন্ত্রিত। এরা ইসলামের চরম শত্রু। তিনি জঙ্গিবাদের কুফল ও ধর্মের সাথে যে এর কোন সম্পর্ক নেই তা সন্তানদের বুঝাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন। ভয় না পেয়ে নাগরিক দায়িত্ব পালন করুন। এখানে প্রাচীন কাল থেকেই কোন সন্ত্রাসী গোষ্ঠী সুবিধা করতে পারেনি, এখনও পারবে না। দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষপূর্তি উপলক্ষে তিনি বলেন, আমি নিয়মিত এই পত্রিকা পড়ি। পত্রিকার সম্পাদকীয় মন্তব্য জাতীয় মানের বলে আমার মনে হয়েছে। এই পত্রিকা ভাটি বাংলার মানুষের আবেগ ধারণ করে বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করায় জেলা পুলিশের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।
পত্রিকার উপদেষ্টা সম্পাদক অ্যাড, বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, চার বছরের পথপরিক্রমা শেষে পঞ্চম বর্ষে পদাপর্ণের মূল কৃতিত্ব আমাদের পাঠক ও শুভানুধ্যায়ীদের। তিনি বলেন, এই পত্রিকা জনস্বার্থ সংরক্ষণে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। সুনামগঞ্জের পুলিশ সুপার আমাকে বলেছেন, তিনি পত্রিকার খবর ও সম্পাদকীয় পড়ে মাঝে-মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তিনি পত্রিকার অগ্রযাত্রায় অবদান রাখা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান এবং ববিষ্যতেও অনুরূপ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।
দোয়ারাবাজর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক বলেন, এই পত্রিকা গত চার বছর যেভাবে জনস্বার্থ সংরক্ষণে নিয়োজিত ছিল আশা করি সামনের দিনেও একই ভূমিকা পালন করে যাবে। সুনামগঞ্জের দোয়ারাবাজারে জেলার মধ্যে সবচাইতে বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দোয়ারাবাজরবাসীর বিভাগ-জেলা ও সারা দেশের সাথে যোগাযোগ সুবিধা বাড়াতে সুরমা নদীর উপর মুক্তিযোদ্ধা সেতু নির্মাণের প্রস্তাব আমরা দিয়েছি। আমরা আজ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিকট এই সেতু নির্মাণের ব্যাপারে প্রতিশ্রুতি চাই’।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, ‘আমাদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয় এই পত্রিকাকে ভালবাসেন। গতকাল তিনি আজকের অনুষ্ঠানে আমি থাকব কিনা তা জানতে চেয়েছিলেন’।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যে দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক-প্রকাশক পঙ্কজ কান্তি দে বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিবৃন্দ ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিগত চার বছর পত্রিকা প্রকাশের ইতিহাস তোলে ধরে তিনি বলেন, ‘সততা বজায় রেখে আমরা সাংবাদিকতা করতে চাই। অব্যাহত লোকসানের বোঝা আমাদের পিছনে ঠেলে রাখে।’ পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখতে তিনি বিজ্ঞাপনদাতাদের ব্যাপক পৃষ্ঠপোষকতা কামনা করেন। সভায় উপস্থিত তথ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘মফস্বলের দৈনিকগুলোর সরকারি বিজ্ঞাপন হার খুব কম। ঢাকার জেলা প্রশাসন থেকে ডিক্লারেশন প্রাপ্ত দৈনিকগুলো যেখানে প্রতি কলাম ইঞ্চি সাড়ে নয় শ’ টাকা হারে বিজ্ঞাপন বিল পায়, সেখানে আমাদেরকে দেয়া হয় মাত্র সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা।  এই বৈষম্য নিরসন না করলে মফস্বল পত্রিকাগুলোর টিকে থাকা ঝুঁকিপূর্ণ হবে।’ তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য সচিবের সহযোগিতা কামনা করেন।  
সভাপতির বক্তব্যে পত্রিকার উপদেষ্টা সম্পাদক অ্যাড. স্বপন কুমার দেব বলেন, দীর্ঘ চার ঘণ্টা যাবৎ ধৈর্যচ্যুতি না ঘটিয়ে সুন্দর আলোচনা অনুষ্ঠান শোনার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি পাঠকের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হরেছি। প্রতিদিনই আমরা এই পরীক্ষায় অবতীর্ণ হই। আমরা প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। পাঠক তৃপ্তিকেই আমাদের তৃপ্তিরূপে বিবেচনা করি আমরা।  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, লেখক, গবেষক ও সিনিয়র আইনজীবী অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসাইন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, কবি আব্দুল ওয়াহিদ, ফকির মকরম আলী শাহ, লেখক কলামিষ্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, লেখক সুখেন্দু সেন, অ্যাড. পরিতোষ রায়, কবি অ্যাড. রোকেস লেইস, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাস, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, অ্যাড. নান্টু রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গৌতম রায়, জেলা সিপিবি’র সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, আ.লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, করুনাসিন্ধু চৌধুরী বাবুল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, এপিপি অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, অ্যাড. সবিতা চক্রবর্তী, প্রভাষক শাহ আবু নাসের, নারী নেত্রী ফৌজি আরা শাম্মী, লেখক ডা. মোরশেদ আলম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞা, সাংবাদিক ইশতিয়াক আহমদ শামীম প্রমুখ।

  • [১]