দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পথরোধ করে এক ব্যবসায়ীকে মারধর ও টাকা পয়সা লুট করে নেওয়ার অভিযোগ ওঠেছে।
গত বৃহষ্পতিবার (১৭ মার্চ) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে আবদুল আজিজ বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত. হরমুজ আলীর পুত্র আবদুল আজিজ ও একই গ্রামের মৃত আশক আলীর পুত্র ফজলু মিয়া ও তার আত্মীয় স্বজনদের সঙ্গে জমি থেকে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে বৃহষ্পতিবার সকালে প্রতিপক্ষ ফজলু মিয়া ও তার আত্মীয় স্বজন ব্যবসায়ী আবদুল আজিজ রামপুর থেকে করিমপুর ফেরার পথে বেধড়ক মারপিট করে। এসময় টানাহেঁচড়া করে তার কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়।
আবদুল আজিজ জানান, ফজলু মিয়া আমার জমি থেকে মাটি কেটে নিয়ে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এতে বাধা দেওয়ায় দোকান থেকে বাড়ি ফেরার পথে আমার উপর হামলা চালিয়ে মারপিট করে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং আমাকে বেদরক মারপিট করে। নিরুপায় হয়ে আমি দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ করি। মামলা করায় এখন তারা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে প্রতিপক্ষের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।
এ ব্যাপারে ফজলু মিয়ার ভাই ছাইদুর রহমান বলেন, আব্দুল আজিজ আমাদের জায়গায় মাটি কাটতে বাধা দিচ্ছে। আমাদের জায়গা জোর পূর্বক দখলে নেয়ার চেষ্টা করে আসছে। টাকা পয়সার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধিন আছে।