স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজারের হাসপাতাল রোডের কার্পেটিংয়ে নিম্নমানের পাথর ব্যবহারে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী পাথর বদল না করলে কাজ করতে দেবেন না বলেও জানিয়েছেন ঠিকাদারের লোকজনদের। বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মংলারগাঁও সড়কের কাজে এমন অভিযোগ ওঠে। ৫০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ এই সড়কের ২০০ মিটার অংশের কাজ করছে। সড়কের কাজের ঠিকাদার সিলেটের আল আমিন কন্সস্ট্রাকসন। ঠিকাদারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযোগ সত্য নয়। সামান্য পাথর মরা ছিল, বদলে দেওয়া হচ্ছে।
দোয়ারাবাজার সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাজেরা বেগম এই প্রতিবেদককে ফোনে জানালেন,‘যেতা পাথর দিছে, হাত দিয়ে মলা দিলে ভাঙিযায়, এই পাথর লাগানির চাইতে মাটির সড়ক থাকলেই ভালো, আমরা কাম বন্ধ রাখার লাগি কইছি, পাথর না বদলাইলে কাম করতে দেব না।’
কাজের এলাকায় থাকা সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী ইমরান হোসেন বললেন, সড়কে নিম্নমানের পাথর ব্যবহার করা হয় নি। কাজ শেষের দিকে, সামান্য কিছু পাথর বৃহস্পতিবার খারাপ এসেছে, আমরা বলেছি পরিবর্তন করে দেবার জন্য। ঠিকাদার এই পাথর বদলে দেবেন জানিয়েছেন।
সিলেটের ঠিকাদারী প্রতিষ্ঠান আলআমিন কন্সস্ট্রাকসনের পরিচালক আব্দুল হান্নান বললেন, নিম্নমানের কোন কিছুই লাগানো হয় নি, সামান্য পাথর ভালো যায় নি, ওটা বদলে দেওয়া হবে, কিছু লোকজন অযথাই উন্নয়ন কাজ করতে বাধা দেন, টাকা পয়সাও দাবি করে বিরক্ত করেন।
সড়ক ও জনপথ বিভাগের উপ—বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম বললেন, অভিযোগ আমিও পেয়েছি, ঠিকাদারকে বলেছি মরা পাথর দিয়ে কাজ করা যাবে না। পাথর বদল করার জন্য।