ধর্মপাশা প্রতিনিধি
পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের গাফিলতির কারণেই ধর্মপাশার মধ্যনগরে ৪ প্রাণ অকালে ঝড়েছে বলে দাবি করছেন এলাকাবাসী। এই ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার এবং নিহত হতদরিদ্র পরিবারকে ক্ষতিপূরণ দেবার দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ ধর্মপাশাবাসী। ‘আমরা ধর্মপাশাবাসী’র এই মানববন্ধনে ধর্মপাশার রাজনীতিক, জনপ্রতিনিধি, সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধা, পেশাজীবীসহ সকল শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। মঙ্গলবারের হৃদয়বিদারক ঘটনায় রামদিঘাগ্রামসহ পুরো চামরদানী ইউনিয়নবাসী ক্ষুব্ধ হয়েছেন।
চামরদানী ইউপি চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রভাকর তালুকদার পান্না বলেন,‘আমরা ব্যতিত, পুরো এলাকাবাসী কাঁদছে, এটি সহ্য করার মতো নয়, পুরো এলাকাবাসী বলছে কাজে অনিয়মের কারণেই এক মাসের মাথায় ঝড় বৃষ্টি ছাড়াই তার ছিড়ে এমন মর্মস্পর্শি ঘটনা ঘটেছে। রঞ্জিত সরকার নামের যে দরিদ্র মানুষটি তার স্ত্রীসহ মারা গেছে, তার তিন শিশু সন্তানকে এখন আর দেখার কেউ নেই। এরা দুইজনে (স্বামী-স্ত্রী) দিন মজুরের কাজ করতো, নিজের বৃদ্ধ বাবা-মা’র খাবার যোগাতো, তিন সন্তানের পড়াশুনার খরচসহ সংসারের খরচ তাদের উপার্জনে চলতো। এখন এই তিন শিশুকে কারা দেখবে, কীভাবে এরা পড়াশুনা করবে, রঞ্জিতের বৃদ্ধ মায়েরই কী হবে। পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দিলে, আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আদালতের আশ্রয় নেওয়া ছাড়া কোন পথ থাকবে না’।
রামদিঘার পাশের গ্রাম মাছিমপুরের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. আমিনুল ইসলাম বলেন,‘গত ২ এপ্রিল এই বিদ্যুৎ লাইন উদ্বোধন হবার ৪-৫ দিন পরই আমি পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানকে একটি ই-মেইল পাঠিয়ে জানিয়েছি লাইনে ত্রুটিপূর্ণ কাজ হয়েছে। অনেক ফেইজ ছেড়া অবস্থায় বিদ্যুৎ সঞ্চালন হচ্ছে। মিটার ছাড়া কিছু লাইন দেওয়া হয়েছে। টিন ছিদ্র করে কোন কোন বাড়িতে লাইন দেওয়া হয়েছে। বাতাসে লাইন নড়া চড়া করলেই পুরো ঘর বিদ্যুতায়িত হওয়ার আশংকা রয়েছে। বড় ধরণের দুর্ঘটনাও ঘটতে পারে’। তিনি জানান, তার এই অভিযোগের কোন জবাব তিনি পাননি বা কী ব্যবস্থা নেওয়া হলো, সেটিও তিনি জানেন না। এর মধ্যেই মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। আনিসুল ইসলাম বলেন,‘আমার মনে হচ্ছে আমার গ্রাম মাছিমপুর, পাশের সংবাদপুর, ইটাউড়ি, কানাইহাটি, গাইনপাড়াসহ সকল গ্রামেই এই ধরনের ত্রুটি যেহেতু রয়েছে, রামদিঘায় এই ত্রুটি রয়েছে এবং এই ঘটনা এই ত্রুটির কারণেই ঘটেছে, এমন ঘটনা আরও ঘটতে পারে’।
বুধবার দুপুরে আমরা ধর্মপাশাবাসীর মানববন্ধন থেকেও বক্তারা একই অভিযোগ করেছেন এবং ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার, বিচার এবং নিহতদের সন্তানদের পড়াশুনাসহ জীবন-জীবিকার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
আমরা ধর্মপাশাবাসীর সদস্য সচিব চয়ন কান্তি দাস বলেন,‘সংশ্লিষ্ট ঠিকাদারকে গ্রেপ্তার, দেখভালকারী কর্মকর্তা-কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের ৩ শিশুর জীবিকা এবং পড়াশুনার নিশ্চয়তার দাবিতে মানববন্ধন করা হয়েছে’।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখার সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমিন তালুকদারও একই দাবি জানিয়েছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাই তালুকদার, যুবলীগের আহ্বায়ক যুবায়ের পাশা হিমু, বিএনপি নেতা ইকবাল হোসেন মন্টু, গোলাম মোস্তফা, সাংবাদিক সালেহ্ আহমদ, আনিসুল হক লিকন, সাজিদুল হক সাজু, এম.এ রেজা পহেল প্রমুখ।
প্রসঙ্গত. ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিড়ে উপড়ে পড়ে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু ঘটেছে। নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই সৎকার করা হয়েছে।