- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোহালিয়া ইউনিয়নের সরকারি খাস জায়গা দখল করে ব্যবসা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের সরকারি জায়গা নিলাম দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রতাপপুর গ্রামের উত্তর পাশে সুরমা নদীর সংলগ্ন বাজারের ও মাদ্রাসার জায়গা এরা দখল করে আসছে দীর্ঘ দিন যাবত। তাদের নেই কোন কাগজপত্র ও বৈধ দলিল। জানা যায়, দোহালিয়া ইউনিয়নের গোলাম মোস্তফা গংরা মসজিদের জায়গা ও বাজারের জায়গা দখল করে। এরপর বিভিন্ন ব্যক্তির কাছে বালু রাখার অনুমতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এদিকে সম্প্রতি প্রতাপপুর গ্রামের সফিকুর রহমান
তালুকদার, নবী হোসেন, এইচ এম কামাল হোসেন, কাজী আব্দুল মুকিত দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রতারক গোলাম মোস্তফা সহ অবৈধ দখলদারদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী হয়। শুনানীতে বাজার এবং মাদ্রাসার পক্ষ তাদের দলিল দেখান। কিন্তু গোলাম মোস্তফা কোনো দলিল বা প্রমাণ দেখাতে পারেনি।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা উভয় পক্ষের শুনানী শেষে বলেন, সরকারি খাস জায়গায় বালু রেখে যারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের আগামী রবিবারের মধ্যে বালু সরিয়ে নিতে হবে। নাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বালু সিজ করে নিলামে বিক্রয় করা হবে।

  • [১]