আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজারে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। শনিবার রাতে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়ি বাঁধ ভেঙ্গে আকস্মিক ভাবে তলিয়ে যায় উপজেলার মহব্বতপুর বাজার, বোগলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজার সহ আশপাশ এলাকার বেশ কয়েকটি গ্রাম। অনেক মৎস্য খামারীদের চাষ করা পুকুরের মাছ ¯্রােতের পানিতে ভেসে যায়। একই সাথে সুরমা ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের তান্ডবে মুহূর্তের মধ্যে গিরিশনগর, বরকতনগর গ্রামের কাঁচা বসত ঘর বিধ্বস্ত হয়।
এদিকে শনিবার ভোরে সুরমা ইউনিয়নের খাসিয়া মরা নদীর গিরিশনগর কোণা পাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ীর নিকটবর্তী বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ৪/৫টি গ্রাম। এছাড়াও চিলাই নদীর(মারাগাঙ্গ) আনছর আলী ও আকবর আলীর বাড়ীর নিকট বেড়িবাঁধ ভেঙ্গে সুরমা ইউনিয়নের শিমুলতলা, রাজনগর, সুন্দরপই, গোজাউড়া সহ বেশ কয়েকটি গ্রামের বাড়ি ঘর ও আউশ ধান ও আমন ফসলের বীজতলা তলিয়ে যায়। নদীর তীরবর্তী গ্রাম সহ বেশ কিছু গ্রামের মানুষ ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ীঢলে চিলাই, মৌলা নদী ও পাহাড়ী নদী গুলোর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বর্তমানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের
বাংলাবাজার-হকনগর সড়কটি পানির নীচে তলিয়ে গেছে। ঘিলাতলী, চৌধুরী পাড়া, মৌলারপাড়. দক্ষিণ কলোনী, জুমগাঁও, ইসলামপুর, পেকপাড়া, বোগুলাবাজার ইউনিয়নের আলম খালি, ইদু কোনা, ক্যাম্পের ঘাট, ভোলা খালি, সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে হাওরের আউশ ফসল। সীমান্তবর্তী কয়েকটি গ্রামের ঘর-বাড়ীতে হাঁটু সমান পানি। নরসিংপুর ইউনিয়নের চেলা ও মরা চেলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ জানান, শনিবার ভোর রাতে হঠাৎ বিকট শব্দে ঘূর্ণিঝড়ে মুহূর্তের মধ্যে বেশ কিছু বাড়ী-ঘর গাছ পালা বিধস্ত হয়ে যায়। বরকত নগর ও গিরিশ নগরের প্রায় অর্ধ শতাধিক বসত ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। ঘরের নীচে চাপা পড়া অনেককে স্থানীয়রা উদ্ধার করেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে শনিবার বিকেলে অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম, এসময় সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা ত্রাণ কর্মকর্তা এস এম এ করিম। জেলা প্রশাসক পরিদর্শন কালে বলেন, পাহাড়ি ঢল আর অতি বৃষ্টির পানিতে যে সমস্ত এলাকা তলিয়ে গিয়ে ক্ষয় ক্ষতি হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।