- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে স্বামীসহ পরিবারের লোকজনের নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু ঘটেছে। রবিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃত্যু ঘটে। এ ঘটনায় স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন স্বজনরা।
নিহতের আত্মীয়-স্বজনরা জানান, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ফুলকারগাঁও গ্রামের মৃত. আবদুল গফুরের পুত্র সুলতান মিয়ার সঙ্গে আট বছর আগে বিয়ে হয় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামের মৃত. আছদ্দর আলীর মেয়ে সাজনা বেগম (৪২) এর। তাদের তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সাজনাকে নির্যাতন করে আসছিল স্বামীসহ পরিবারের লোকজন। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। লোকজনের নির্যাতন সহ্য করেও স্বামীর বাড়িতে থাকার চেষ্টা করছিলেন ওই গৃহবধূ।
বুধবার রাতে পিতার বাড়ি থেকে টাকা এনে দিতে গৃহবধূকে চাপ দেয় তার স্বামী। এক পর্যায় অপারগতা প্রকাশ করলে তার উপর পরিবারের লোকজন মিলে নির্যাতন চালায়। এসময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন ওই গৃহবধূ। ওইদিন গৃহবধূকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার সকালে অপারেশন শেষে উইমেন্স মেডিকেলের স্থানান্তর করা হলে বিকেল সাড়ে ৪ টায় মৃত্যু ঘটে ওই গৃহবধূর।
মৃত্যুর খবর পেয়ে স্বামী সুলতান মিয়াকে হাসপাতাল থেকে নিহতের স্বজনরা আটক করে পুলিশে সোপর্দ করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানালেন, ঘটনা শুনে থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলকারগাঁও গ্রামেও গেছে পুলিশ । লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের স্বজনরা সকালে (সোমবার সকালে) থানায় ফোন দিয়ে জানিয়েছেন, দাফন শেষে তারা এসে মামলা দায়ের করবেন।

  • [১]