দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলীর সঞ্চালনায় ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া প্রমুখ।
এসময় উপজেলার ৩৩৫ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদপত্র এবং স্মার্টকার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ করা হবে জানিয়েছেন কর্তৃপক্ষ। উল্লেখ্য দোয়ারাবাজার উপজেলায় ৮৫০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন।