দোয়ারাবাজার প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। বিএনপি সরকার শাসনামলে মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় প্রকাশ করতে ভয় পেতেন। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফি চৌধুরী বাবু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ইদ্রিস আলী বীর প্রতিক, জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফর আলী, মো. আব্দুস সোবহান প্রমুখ।