- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, এক ধর্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
দোয়রাবাজারে দশম শ্রেণির স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের পাশের আমন ধানের জমিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ধর্ষকের নাম মনির মিয়া (৪২), সে পাশ্র্ববর্তী জাহাঙ্গীরনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গণধর্ষণের ঘটনায় বুধবার রাতেই দুই ধর্ষকসহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা (গণধর্ষণ মামলা ১৮, তারিখ ২৯.১২.২১) দায়ের করেছেন ওই স্কুল ছাত্রীর বাবা।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ঘিলাতলী গ্রামের ওই স্কুল ছাত্রীর সঙ্গে প্রতিবেশি মাসুক মিয়ার ছেলে হাবিব মিয়া (২০) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে পালিয়ে বিয়ে করার জন্য তাকে নানাভাবে চাপ প্রয়োগ করে। তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয়। পালিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ২৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে আনে হাবিব। পরে রাতে তার বোন জামাই জাহাঙ্গীরনগর গ্রামের মনির মিয়া ও তার মামাতো ভাই কন্তারগাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে রফিক মিয়া ধানের জমিতে নিয়ে জোর করে তাকে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে ওই ছাত্রী তার বাবাকে মোবাইল ফোনে বিষয়টি জানালে রাতেই তাকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনির মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনায় মনির মিয়া নামের একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রোববার রিমাণ্ড শুনানীর তারিখ ধার্য হবে। অন্য দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি জানান, এই ধর্ষণের ঘটনার আসামি হাবিব মিয়া এর আগেও একটি ধর্ষণের ঘটনার আসামি ছিল।
সুনামগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর বদরুল আলম তালুকদার বললেন, ধর্ষণের শিকার ওই ছাত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণের পর মেডিকেল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • [১]