দোয়ারাবাজার প্রতিনিধি
কালবৈশাখী ঝড় আর আকস্মিক শিলা বৃষ্টিতে দোয়ারাবাজার উপজেলার বেশ কয়েকটি গ্রামের কাঁচা ঘর বাড়ি ও বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার রাত আনুমানিক প্রায় তিনটার সময় শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে এসব ক্ষয়-ক্ষতি হয়। ঝড়ে উপজেলার নয়টি ইউনিয়নের বহু গাছপালা লন্ডভন্ড হয়ে যায়। শিলা বৃষ্টিতে বোরো ফসলি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের কবলে পরে বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ির ওপর গাছ পালা পড়ে ক্ষয়-ক্ষতি হয়। উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর, নূরপুর, সোনাপুর, বৈঠাখাই, হাছনবাহার গ্রামের অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলীপুরের সাদেক মিয়া, মফিজ উদ্দিন, মরম আলী, ফরজু, মকবুল হোসেন, আলীম উদ্দিন, নূর পুর গ্রামের জিয়াউর রহমান, আফসর আলী, বদর উদ্দিন, নিজাম, নূর হোসেন, হারুন মিয়া, সোনাপুর গ্রামের হাবিব, রহমত আলী, ছায়াতুন্নেছা, সফর আলী ও কালা মিয়ার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এব্যাপারে নূরপুর- সোনাপুরের সাবেক ইউপি সদস্য আলী নূর জানান, এলাকার প্রায় ১৫টি বসতবাড়িসহ ৫টি পল্লী বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আলীপুর গ্রামের বাসিন্দা বর্তমান ইউপি সদস্য আব্দুল কাদির জানান, তাঁর এলাকার প্রায় ২০টি বসতবাড়ি, অসংখ্য কাঠাল গাছ ও বাশঁ বাগান এবং বেশকয়েকটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলীপুরের সবজি চাষী কামাল মিয়া জানান, সবজি খেতসহ এলাকার অন্যান্য কৃষকদের ফসলি জমি শিলা বৃষ্টিতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পার্শ্ববর্তী লক্ষীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের বায়তুন নূর জামে মসজিদসহ ওই গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় উদ্বাস্তু জীবন যাপন করছে প্রায় অর্ধশত পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি তার্
াসুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার বলেন,‘ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টির বিষয়টি প্রশাসনকে লিখিত ভাবে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষয়-ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন,‘কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে। বরাদ্দ এলে শীঘ্রই ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ প্রদান করা হবে।’