দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়ির গৃহকর্মীকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বজনরা। সংবাদ সম্মেলনে আব্দুস সালামকে হত্যার মূল ষড়যন্ত্রকারী যুক্তরাজ্য প্রবাসী কামরান আব্দুল হাইকে দেশে ফেরত এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
গত সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে সমছু মিয়ার মার্কেটে সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত ছালামের স্ত্রী লাভলি বেগম, শাশুড়ি কমলা বেগম, নৈনগাঁও গ্রামের মো. আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ আলী, মো. আবুল হোসেন, হাফিজুর রহমান, মো. নুরুদ্দিন, মো. আরজ আলী, লোকমান হোসেন, জামাল উদ্দিন, আব্দুল হক, আবদাল হোসেন, ফারুক মিয়া।
নিহত ছালামের স্ত্রী লাভলি বেগম বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামীর হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর দিনগত রাতে দোয়ারাবাজার উপজেলার গোরেশপুর গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহকর্মী আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।