- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্ত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় সরুফা বেগম (৩৫) নামের গৃহবধূর উপর এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের খুশিউড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সরুফা বেগমের স্বামী মোজাম্মেল হক সৌদি আরব প্রবাসী। বাড়িতে তিন ছেলেমেয়ে ও শাশুড়িকে নিয়ে থাকেন সরুফা বেগম। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বাড়ির রান্না ঘরের পাশের নলকূপ থেকে পানি নিয়ে ঘরে ফিরছিলেন। এসময় এক ব্যক্তি এসিড নিক্ষেপ করে দৌঁড়ে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে আহত অবস্থায় রাতেই সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
সরুফা বেগমের ছোট ভাই জামাল হোসেন জানান, তাঁর মুখে ও শরীরের বাম পাশে এসিড লেগেছে। চিকিৎসা দেওয়ার পর এখন তিনি সুস্থ আছেন। তবে কে তার শরীরে এসিড নিক্ষেপ করেছে সরুফা চিনতে পারেন নি।
বাংলাবাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য একই গ্রামের রায়হানুল ইসলাম রবিন জানান, সরুপা বেগমের মুখের বাম পাশের চোখে, মুখে, দুই ঠোঁট ও ঘাড় এসিডে ঝলসে গেছে।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে একটি একটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। এই বোতলেই এসিড ছিল। আমরা ঘটনাটি তদন্ত করছি।

  • [১]