আশিক মিয়া, দোয়ারাবাজার
জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম বলেছেন,‘মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও অভিভাবকদের নজরধারী বাড়াতে হবে। ছেলে মেয়েরা ঠিকমত লেখাপড়া করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। নিজের সন্তান বিপথগামী হচ্ছে কিনা সে ব্যাপারে অভিভাবকরা সবসময় সচেতন থাকতে হবে। তৃণমূল পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে স্কুল-মাদরাসার শিক্ষক, অভিভাবক ও মসজিদের ইমাম সাহেবরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন।’
তিনি দুর্য়োগ প্রসঙ্গে বলেন,‘বন্যাকে অভিশাপ নয় প্রকৃতির আর্শিবাদ হিসেবে দেখে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষদের পাশে সব সময় প্রশাসন রয়েছে। ইতোমধ্যে বাঁধ ভেঙে প্লাবিত এলাকার মানুষদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ বরাদ্দ বৃদ্ধি করা হবে।’
বাল্য বিবাহ প্রতিরোধে তিনি বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন বর্তমানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। গ্রামাঞ্চলে তা বাস্তবায়ন করতে সমাজের সচেতন মহল প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা প্রয়োজন। এ ব্যাপারে শুধু মাত্র প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, জন প্রতিনিধি, পেশাজীবী এবং সর্বস্থরের সচেতন মহল কে এগিয়ে আসতে হবে।
বৃহষ্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইন শৃংখলা বিষয়ক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুল হাসান, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা শিফাত ই জামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বজলুর রহমান, বাংলাবাজার ভিওপির নায়েক সুবেদার আব্দুল খালেক, দোয়ারাবাজার থানার এসআই বিকাশ চন্দ্র দাস, আনসার ভিডিপির ককর্মকর্তা ইয়াসমিন আরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, নরসিংপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবীবুর রহমান, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খাঁন, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার। অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবীর, ফরিদ উদ্দিন আহমদ, মাওলানা জিয়াউদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ৯ ইউনিয়নের ১৮ জন কর্মজীবী মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম।
এছাড়া তিনি দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে দুপুরে উপজেলা ভূমি অফিসের সেবানিকেতন ও আধুনিকায়নের আনুষ্ঠানিক উদ্বোধন, উপজেলার হাজারীগাঁও কমিউিনিটি ক্লিনিক, জালালপুর কমিউনিটি ক্লিনিক, দোহালিয়া ইউনিয়ন পরিষদ, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্্র, দোয়ারাবাজার থানার নবনির্মিত পল্লী সঞ্চয় ব্যাংক ভবন পরিদর্শন করেন তিনি।