দোয়ারাবাজার প্রতিনিধি
টেংরাটিলা গ্যাস কুপের বিস্ফোরণের ১২ বছর পরও গ্যাস বের হওয়া ও স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর দোয়ারাবাজার উপজেলার কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল ও টেংরাটিলা গ্যাস বিস্ফোরিত এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।
শনিবার সকালে উপজেলার টেংরাটিলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি টেংরাটিলার গ্যাস এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত এলাকার শিশু ও বৃদ্ধ রোগীদের সাথে স্বাস্থ্য বিষয় নিয়ে কথবার্তা বলেন এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের বলেন,‘ টেংরাটিলা এলাকার রোগীদের যেন সঠিকভাবে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।’
টেংরাটিলা পরিদর্শন শেষে সচিব দোয়ারাবাজার উপজেলা ৩১ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে সচিবের সাথে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বীরপ্রতীক, আব্দুল মজিদ বীরপ্রতীক, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জমসেদ আলী, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ প্রমুখ।