দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা পর ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন কর্মকা- বন্ধ হয়ে যায়। ১৯৭৫ এরপর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এলাকায় কোন উন্নয়ন হয়নি। বেগম খালেদা জিয়া ছাতকের সুরমা নদীতে দুই পাড়ে দুটি খাম্বা স্থাপন করে সেতু নির্মাণের নাটক করেছিলেন। উদ্দেশ্য ছিল নির্বাচনী বৈতরণী পার হওয়ার। ছাতক-দোয়ারাবাজারবাসীকে ধোঁকা দিয়ে তিনি ভোটের রাজনীতি করেছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে সেতুর ডিজাইন পরিবর্তন করে সেতুর কাজ শুরু করে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সেতুর কাজ সম্পন্ন হবে এবং জুন মাসে সেতু উদ্বোধন করা হবে।
তিনি বলেন, সরকার ইতিমধ্যে ছাতক সিমেন্ট ফ্যাক্টরী আধুনিকায়নে ৮শ’ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছে। দোয়ারাবাজার উপজেলায় নদী ভাঙন প্রতিরোধে ১৯১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার নদীর তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে। ২০২৩ সাল নাগাদ এই কাজ সম্পন্ন হবে। এছাড়া সুরমা নদীর ১৮ কিলোমিটার নদীর ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে।
এমপি মানিক বলেন, ছাতক-দোয়ারাবাজারে ১১১ কোটি ব্যয়ে ১১টি সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। চারদলীয় জোট সরকারের আমলে দোয়ারাবাজার উপজেলায় উচ্চ শিক্ষার জন্য মাত্র ১৬টি হাইস্কুল ছিল। আওয়ামীলীগ ক্ষমতায় এসে আরও ৫০টি হাইস্কুল স্থাপন করেছে। এই সরকারের আমলেই দুই উপজেলায় ১৯টি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। গত বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার বিকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চত্বরে দোয়ারায় নদী ভাঙ্গন প্রতিরোধে প্রায় ২শত’ কোটি টাকার কাজের উদ্বোধনের পর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়ার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) এসএম শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুর রহীম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল খালেক, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়ান আনু, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করীম রাজু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা বরুন দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী শমসের আলি, আবু সায়েম শফিউল ইসলাম, খালিদ হাসান।