- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় নবনির্বাচিত চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় মামলা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার দোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে। চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদের উপর নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের দ্বারা মারধরের অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচনের আগের দিন শুক্রবার রাতে তার সমর্থকদেরকে আনারস প্রতীকে ভোট দেবার জন্য খন্দকার মামুনুর রশিদের লোকজনকে হুমকি ধামকি দেন প্রতিদ্বন্দ্বি জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল বাকিরের ছেলে জুবায়েরসহ কিছু সন্ত্রাসী। এরা নির্বাচনী এলাকা ওমরপুর, বুজনা গ্রামে খন্দকার মামুনুর রশিদ ও তার লোকজনের উপর হামলা করেন । এসময় মামুনুর রশিদ গুরুতর আহত হন। গ্রামের লোকজন এসে  
তাদেরকে রক্ষা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খন্দকার মামুনুর রশিদকে উদ্ধার করে।
নব নির্বাচিত চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বাকিরের লোকজন আমার সমর্থিত লোক জনকে তার আনারস মার্কায় ভোট দেবার জন্য হুমকি দিচ্ছিল। ভোট না দিলে ঘর দুয়ার পুড়িয়ে দিবে বলে হুমকি দিয়েছিল বুজনা ও ওমরপুর গ্রামের ভোটারদের। খবর পেয়ে আমি এলাকায় গেলে আমার উপর বাকিরের লোকজন হামলা করে। আমাকে গ্রামের লোকজন তাদের কবল থেকে রক্ষা করেন। পরে পুলিশ প্রশাসন আমাকে উদ্ধার করেন।’
তবে অভিযুক্ত আব্দুল বাকির সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন,‘বুজনা ও ওমরপুর গ্রাম এলাকায় খন্দকার মামুনুর রশিদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কিনার জন্য টাকা নিয়ে প্রবেশ করার পর আমার লোকজন বাধা দিলে সে আমার লোকজনের উপর চড়াও হয়। পরে আমি পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে গ্রাম থেকে সরিয়ে দেন।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসির দায়িত্বে থাকা এসআই শামীম আখঞ্জী বলেন,‘খন্দকার মামুনুর রশিদ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]