- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় পাহাড়ী ঢলে ধানের ব্যাপক ক্ষতি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে গত দুই দিনের শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকায় বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলায় সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে পান্ডারগাঁও ও সুরমা ইউনিয়নের হাওরে। অন্যদিকে গত দুদিন ধরে দোয়ারাবাজার সদর ইউনিয়নের নাইন্দার হাওর, লাচবাঘা, পেউক্কা, ঘনিউড়া ও পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের নিকটবর্তী দেখার হাওরের বেড়িবাঁধ ভেঙ্গে হাওরের পাকা ধান তলিয়ে যাচ্ছে।
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা হাওরের ধান রক্ষায় বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নিলেও শনিবার দিবাগত রাতের অব্যাহত বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে   ক্ষয়ক্ষতির মাত্রা আরো বেড়ে গেছে। এদিকে শিলাবৃষ্টিতে পান্ডারগাঁও ইউনিয়নের আফছরনগর, নতুন কৃষ্ণনগর, পুরান কৃষ্ণনগর, পলিরচর, রাধানগর, জলসি সহ কয়েকটি গ্রামের কাঁচা ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার রাতের শিলাবৃষ্টিতে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর, বৈঠাখাইসহ কয়েকটি গ্রামের কাঁচা ঘরবাড়ীসহ হাওরের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের সিরাজ উদ্দিন জানান, গত দু’দিনের বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বসত ঘর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি গ্রামের অন্তত অর্ধশতাধিক বসত ঘরের উপরের টিন ছিদ্র হয়ে বৃষ্টিতে ঘরের ভেতরে বসাবস অযোগ্য হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,‘শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। হাওরের বেড়িবাঁধ রক্ষায় ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে।’

  • [১]