- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় প্রতিপক্ষের ঘুষিতে প্রবাসীর মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে মহসিন আলী (৫০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত মহসিন আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত ইবরাহিম আলীর ছেলে। বুধবার রাতে নরসিংপুর বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার এক পল্লী চিকিৎসকের মোটর সাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে রাতে স্থানীয় নরসিংপুর বাজারে একই গ্রামের মৃত রহিম উল্লাহ’র পুত্র শানুর আলীর সাথে প্রবাসী মহসিন আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শানুর আলী উত্তেজিত হয়ে মহসিন আলীর বুকের পাঁজরে ঘুষি দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন প্রবাসী মহসিন আলী । এরপরও তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা  এসে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন,‘লাশের ময়না তদন্ত করা হয়েছে। নিহতের  শরীরে আঘাতের  কোনো চিহ্ন পাওয়া যায়নি। সম্ভবত ষ্ট্রোক করে মারা যেতে পারে। ময়না তদন্ত শেষে আঘাতের আলামত পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহষ্পতিবার নিহতের লাশ ময়না তদন্তের পর বিকালে গ্রামের বাড়ীতে জানাজা শেষে কবরস্থ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন নিহতের পরিবার। বর্তমানে নিহত পরিবারে শোকের মাতম চলছে।

  • [১]