- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় প্রতীক না পেলেও দলীয় কার্যালয় বিদ্রোহীদের দখলে

বিশেষ প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দুটি ইউনিয়নে নৌকা না পেলেও দলীয় কার্যালয় এবং অধিকাংশ কর্মীরা আছেন বিদ্রোহী প্রার্থীর সাথেই। ইউনিয়ন দুটি হচ্ছে দোয়ারাবাজার সদর ও লক্ষীপুর ইউনিয়ন। এই দুই ইউনিয়নে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক ও আমিরুল ইসলাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দোয়ারাবাজার সদর ইউনিয়নে ৩ বার চেয়ারম্যান ছিলেন আব্দুল খালেক। এবার দলীয় মনোনয়ন পাননি তিনি। বৃহস্পতিবার নির্বাচনী প্রতীক মোটর সাইকেল বরাদ্দ পাওয়ার পর কর্মী সমর্থকরা দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েই তার মোটর সাইকেল প্রতীকের ব্যানার টানিয়েছেন। এখানেই করা হয়েছে প্রধান নির্বাচনী কার্যালয়।
বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক বলেন,‘দোয়ারাবাজার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুবলীগের আহ্বায়ক, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকলেই আমার সঙ্গে আছেন। দলীয় প্রতীক আমাকে দেওয়া না হলেও তারা আমাকে ছাড়েননি। দলীয় কার্যালয়ে প্রধান নির্বাচনী   কার্যালয় করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরাই, নেতা কর্মীরা বলেছেন আমরা আওয়ামী লীগের সঙ্গেই আছি, নির্বাচিত হয়ে দলীয় নেতৃবৃন্দকে আমরা দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের কাছেই রইলো এটি বুঝিয়ে দেব’।
দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তাঁর নির্বাচনী কার্যালয় করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছকির মিয়ার বাড়ীর সামনের একটি ঘরে। নৌকা প্রতীকের ব্যানারও টানানো হয়েছে ঐ ঘরেই।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হামিদ বলেন,‘আওয়ামী লীগের কার্যালয়ের চাবি বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের নিকট, আমি চাবি চাইনি, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়ার বাড়ীর সামনের ঘরে আমি অফিস করেছি, ওখান থেকেই নির্বাচনী কার্যক্রম পরিচালানা হচ্ছে’। তিনিও দাবি করেন দলের নেতা কর্মী সকলেই তার পক্ষে আছেন।
উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম। ২ বারের সাবেক এই চেয়ারম্যান এবার দলীয় মনোনয়ন পাননি। দলীয় মনোনয়ন পেয়েছেন আরিফুল ইসলাম জহির।
বৃহস্পতিবার বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম আনারস প্রতীক পাওয়ায় আনারসের পোস্টার ব্যানার সবই সাঁটানো হয়েছে আওয়ামী লীগের লিয়াকতগঞ্জ বাজারের কার্যালয়ে।
আমিরুল ইসলাম বলেন,‘১০ বছর আগে লিয়াকতগঞ্জ বাজারে আওয়ামী লীগের কার্যালয় করেছি আমরা। এই কার্যালয় থেকেই সংসদ ও উপজেলা নির্বাচনের প্রচারণাসহ দলীয় সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আমি নৌকা প্রতীক না পাওয়ায় দলের সকল নেতাকর্মী কষ্ট পেয়েছেন। তারা বৃহস্পতিবার আওয়ামী লীগ অফিসেই করেছেন আনারস প্রতীকের কার্যালয়। নেতাকর্মীরা বলেছেন, তারা দলের পরীক্ষিতদের সঙ্গেই থাকবেন, ভোট দেবেন এবং দলের মর্যাদা রক্ষা করবেন’।
এই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম জহির বলেছেন,‘আমি দলের প্রার্থী, দলের সকল নেতা কর্মী আমার সঙ্গেই আছেন, আমার নির্বাচনী কার্যালয়ও দলীয় কার্যালয়েই আছে। গত ২ বছর ধরে এই অফিসেই দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে’।

  • [১]