দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ভুয়া ভিসায় বিদেশ পাঠানোর নামে প্রতারণা করায় মৌলভী জালাল উদ্দীন ওরফে জালাল মুল্লার বিরুদ্ধে ফুঁসে ওঠেছে এলাকাবাসী। জালাল মুল্লা উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত মনুমিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, জালাল মুল্লা দীর্ঘদিন ধরে মানব পাচার ব্যবসায় জড়িত রয়েছে। অসংখ্য লোকজনকে ভুয়া ভিসায় বিদেশ পাঠানোর নামে প্রতারণা করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জানা যায়, গত কয়েক মাস পূর্বে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত আতাবুর রহমানের পুত্র দিনমজুর দুলাল মিয়াকে দুবাই পাঠানোর কথা বলে পাসপোর্ট ও ১ লাখ ৮০ হাজার টাকা নেন। পরে বিদেশ পাঠাতে ব্যার্থ হলে স্থানীয় সালিশ বিচারে সব টাকা ফেরত দেন। পরবর্তীতে নিশ্চিত বিদেশে পাঠানো হবে বলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সামনে দুই লাখ টাকা নিয়েছেন। তবে ভুয়া ভিসার কপি দেয়ায় দুলাল মিয়া ঢাকা বিমানবন্দর থেকে ফেরত আসেন।
এ ঘটনায় জালাল মুল্লার বিরুদ্ধে এলাকার সর্বস্তরের মানুষ ফুঁসে ওঠে। এ নিয়ে গত শনিবার এলাকাবাসী স্থানীয় জনতা শ্যামলবাজারে জালাল মুল্লাকে আটক করে। এসময় জনতা মারধর করতে উদ্যত হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা জানতে চাইলে জালাল মুল্লা বলেন, এ বিষয়ে পরে কথা বলবো।
দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান বলেন, জালাল মুল্লা টাকা ফেরত দিয়েছে। কিন্তু পাসপোর্ট না দেয়ায় স্থানীয় জনতা তার বিরুদ্ধে ক্ষিপ্ত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্থানীয় সালিশ বিচারে এ বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত হয়।