দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার এক মুক্তিযোদ্ধার বন্দোবস্থ জায়গায় জোরপূর্বক ঘর উঠানোর অভিযোগ পাওয়া গেছে।
এঘটনাটি ঘটেছে নৈনগাঁও গ্রামের (কান্দিপাড়া) এলাকায়।
জানা যায়, পশ্চিম মাছিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা তাজেদ আলী ও তার স্ত্রী সায়েদা বেগম জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন খাস জায়গা পাবার জন্য। সেই আবেদনের ভিত্তিতে নৈনগাঁও মৌজার ২০৫২ দাগে ২৫ শতক পতিত খাস ভূমি বন্দোবস্ত দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। মুক্তিযোদ্ধার নামে ২৫ শতক ভূমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রী করার পর তাদের দুইজনের নামে নামজারিও করা হয়েছে। সেই সুবাদে গত বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বাদশা মিয়া সরেজমিন জরিপ করে সীমানা নির্ধারণ করে জমি সরকারের পক্ষ থেকে বুঝিয়ে দেন মুক্তিযোদ্ধা তাজেদ আলীকে। সেই বন্দোবস্ত জায়গায় শুক্রবার সকালে সৌদিআরব প্রবাসী আব্দুল মালিকের স্ত্রী সাহেরা বেগম তার আত্মীয় স্বজন নিয়ে জোরপূর্বক ঘর বানিয়েছেন বলে অভিযোগ করেছেন বন্দোবস্ত পাওয়া মুক্তিযোদ্ধা ।
মুক্তিযোদ্ধা তাজেদ আলী বলেন, ‘আমার থাকার মত বাড়ি ঘরের কোন জায়গা নাই। আমি জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করি আমার আবেদনের ভিত্তিতে ২৫ শতাংশ খাস জমি আমাকে বন্দবস্থ দেয়ার পর আমি সেখানে সীমানায় খুটি পুঁততে গেলে নৈনগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসি আব্দুল মালিকের স্ত্রী তাদের আত্মীয় স্বজন নিয়া আমাকে মারপিট করার জন্য দা-সুলপি নিয়া আসে। শুক্রবার সকালে তারা জোর পূর্বক আমার বন্দোবস্ত জায়গায় ঘর বানানোর কাজ করছেন তারা।’
দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘ভূমিহীনদের জন্য খাস জায়গা বন্দোবস্ত দেয় সরকার। একজন মুক্তিযোদ্ধার ঘর বাড়ি নেই সেজন্য তাকে ২৫ শতক খাস জমি বন্দোবস্ত দেয়া হয়েছে। অভিযোগ পেলে সেখান থেকে অবৈধ উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’