দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এমরাজ তালুকদারসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার দোহালিয়ার ভবানীপুরের মজুর বাজারে বিএনপি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলীর হাতে ধানের শীষের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলীর সমর্থকরা অবশ্য দাবি করেছেন ৩ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সৈয়দ মুনসিফ আলী যোগদানকারী নেতাদের স্বাগত জানিয়ে বলেন, ‘এমরাজ তালুকদারের পক্ষে দোয়ারাবাজারে বিএনপি গতিশীল করা সম্ভব হবে, একইসঙ্গে তিনি দোয়ারাবাজারে তৃণমূল থেকে বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করাতেও ভূমিকা পালন করবেন’।
এমরাজ তালুকদার বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে বিএনপিতে যোগদান করেছি’।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছোবহানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মওলানা মাহমুদ, তাজুদ আলী, নুরু মিয়া, সিরাজ মিয়া, এখলাছুর রহমান, আতাউর রহমান স্বপন, ফরাস উদ্দিন, জয়নাল আবেদীন, শাহ আলম, সৈয়দ মেম্বার, মণিরুল ইসলাম বাবুল, আব্দুন নুর প্রমুখ।
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেছেন, ‘এমরাজ তালুকদার আওয়ামী লীগের ইউনিয়ন, উপজেলা কিংবা জেলার কোন পদে ছিলেন না, দলের দায়িত্বশীল কেউ নয়। তার নেতৃত্বে ৩০-৪০ জন শুনেছি আওয়ামী লীগে যোগদান করেছে, যারা যোগদান করেছে এরাও আওয়ামী লীগের কোন পদে নেই’।