- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় শিক্ষকের লাঠির আঘাতে দুই শিক্ষার্থী হাসপাতালে

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে শিক্ষকের এলোপাতাড়ি লাঠির আঘাতে দুই মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রড়ইউড়ি দারুছুন্না বহুমুখি আলীম মাদ্রাসায়।
আহত দুই শিক্ষার্থী হলেন বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের মতলব হোসেনের পুত্র দশম শ্রেণির ছাত্র মাদ্রাসা ছাত্রলীগ শাখার সভাপতি মঈনুল হাসান ও বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ গ্রামের আহমদ আলীর পুত্র দশম শ্রেণীর ছাত্র   জাহাঙ্গির আলম।
জানা যায় গত কিছুদিন ধরে মাদ্রাসার এবং মসজিদের নির্মাণাধীন ভবনের কাজ চলছে। গত রবিবার দুপুরে মাদ্রাসার সহকারী মৌলভী অহিদুল ইসলাম ছাত্রদের ডেকে ভবন নির্মাণ কাজে সবাই মিলে ইট এনে দেওয়ার জন্য নির্দেশ দেন। মিস্ত্রির কাজের সহযোগিতা করায় একটু দেরি হওয়াতে দুই ছাত্রকে শিক্ষক অহিদুল ইসলাম বেধড়ক মারপিট করেন।  এলোপাতাড়ি লাঠির আঘাতে দুই ছাত্র আহত হয়ে পড়লে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পরিবারের লোকজন ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাসমত উল্লাহ দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শিক্ষার্থী মাদ্রাসার ছাত্রলীগ শাখার সভাপতি মঈনুল হাসান জানান, জানি না হুজুর আমার প্রতি কেন এত ক্ষিপ্ত রয়েছেন। তবে আমি গত বৃহস্পতিবার এমপি সাহেবের আগমন উপলক্ষে একটি ব্যানার ও মাদ্রাসায় উপস্থিত কিছু ছাত্র নিয়ে এমপি মহোদয়কে সংবর্ধনা জানালে পরের দিন থেকে আমার প্রতি তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং আমাকে তিনি বিভিন্নভাবে প্রহার করে আসছেন।
এ ব্যাপারে মাদ্রাসার সহকারী মৌলভী মৌলানা অহিদুল ইসলাম বলেন,‘আমি তাদেরকে কোন হিংসা করে মারপিট করিনি। প্রতিষ্ঠানের চলমান নির্মাণ কাজে আমি তাদেরকে ইট এনে দেয়ার জন্য বলেছিলাম। তারা আমার কথা শুনে নাই, তাই রাগের বশতঃ দ্ইুটা বাড়ি মারি তাদের।
রড়ইউড়ি দারুছুন্না বহুমুখি আলীম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা সৈয়দ হোসেন কবির বলেন,‘ আমরা অত্যন্ত দুঃখিত। ছাত্র দুই জনকে এভাবে মারপিট করা ঠিক হয়নি ওই শিক্ষকের। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সকল শিক্ষক ও এলাকার গণ্যমান্যদের নিয়ে বৈঠক চলছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।

  • [১]