মানুষ তখনই মানুষ হয়ে উঠে যখন তার ভিতরে মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। মানুষের মতো অবয়ব নিয়ে অস্তিত্ব জাহির করা একটি প্রাণীকে নচেৎ মানুষ বলা সংগত নয়। এই বাক্য দুইটি হলো আপ্তবাক্য। কিন্তু আপ্তবাক্য দিয়ে জগৎ কখনও পরিচালিত হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতে কখনও হবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই। চিরাচরিত মানবিক গুণাবলীর অভাববোধের প্রকটতা নিয়েই কিছু মানুষ যুগে যুগে রাজত্ব করেছে, প্রভূত্ব করেছে এবং অন্যের উপর খবরদারিত্ব করেছে। এরা আবার পূজনীয়, বরণীয় ও সমাদৃতও হয়েছে কালে কালে। আমাদের চারপাশের পরিবেশ-পরিস্থিতির দিকে তাকালে এমন মানুষ নামধারী ‘অমানুষ’ প্রভুদের দাপট অসহায়ভাবে আমরা প্রতিনিয়তই সহ্য করতে দেখি সকলকে। মানুষের নৈতিকতা কিংবা মানবিকতা নিয়ে প্রতিদিন অজস্র ব্যক্তি অজস্রবার উপদেশ বিতরণ করলেও ‘অমানুষ’ মানুষদের ভিতরে কখনও ঘটে না বিন্দুমাত্র ভাবান্তর। এই যেমন আমরা বারবার শিশু নির্যাতনের খবরাখবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসলেও বিন্দুমাত্র হ্রাস পায়নি শিশু নির্যাতনের বর্বর ঘটনা। রাজন ও রাকিবের মতো নিষ্পাপ শিশু নির্যাতনকারীদের দ্রুততম সময়ে সাজা বিধানের পরও এই প্রপঞ্চটি কমার কোন আলামত লক্ষণীয় নয়। সমাজবিজ্ঞানী ও রাষ্ট্র-চিন্তকদের এসব বিষয় নিয়ে ভাবা জরুরি। নতুবা মানুষের সমাজ পশুর সমাজের চাইতেও অধম হয়ে পড়বে।
গত শুক্রবার দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত সংবাদে দোয়ারাবাজার উপজেলার ধরমপুর গ্রামে ১০ বছর বয়সী তাজুল ইসলামের উপর যে বর্বর নির্যাতন চালােেনা হয়েছে তা পড়ে বিবেকবান পাঠক মাত্রই শিউরে উঠবেন। মাদ্রাসা পড়–য়া ওই শিশু সন্তানটি মামাব রাড়িতে বেড়াতে এসেছিল। কোন কারণে শিশুটি তার মামা ফজলে রাব্বির কূপানলে পড়ে যায়। ফজলে রাব্বি তখন নির্দয় ও হিংস্র পশুর রূপ ধারণ করে বিদ্যুতের তার দিয়ে বানানো চাবুকের সাহায্যে নির্দয় ভাবে প্রহার করে ভাগ্নে তাজুলকে। এক পর্যায়ে চাবুকের তার শিশুর দাঁতে পেঁচিয়ে পাাঁচ পাঁচটি দাঁত উপড়ে ফেলে। দন্তহীন তাজুলের একটি ছবিও ছাপা হয়েছে ওই সংবাদে। এই ফজলে রাব্বিরা প্রতিদিনই কোথাও না কোথাও মানুষের সভ্যতার মুখে কলংকের কালিমা লেপন করে চলেছে। অথচ আশ্চর্য হলো এদের বেপরোয়াত্ব রোধ করতে রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দৃশ্যমানভাবে কচ্ছপগতিসম্পন্ন অথবা নিশ্চল। রাজন বা রাকিবের নির্যাতকদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইন প্রয়োগের প্রশংসাসূচক ঘটনাগুলো যে কেবল ‘বিরল ব্যতিক্রম’, শাস্তি বিধানের এই অবস্থা যে এখনও নিয়মিত হয়ে উঠেনি, বারবার তাজুলের মতো অসহায় নিষ্পাপ শিশুরা নির্যাতনের শিকার হয়ে সেটি প্রমাণ করছে।
আইনি ব্যবস্থার আওতায় নির্যাতকদের কঠোর সাজা বিধানের মাধ্যমে শিশু নির্যাতন ঘটনা রোধ করা একটি উপায় বটে। তবে এটিই একমাত্র বিষয় নয়। আসল কাজ হলো সমাজ কাঠামোয় যেসব কারণ হিংসা, জিঘাংসা, হিংস্রতা, স্বার্থপরায়ণতা এবং নির্দয়তার মতো মন্দ গুণের বিকাশ ঘটায় সেগুলোকে নিয়ন্ত্রণ করা। কিন্তু সেই আসল জায়গায় কোন কাজই হচ্ছে না। এটি অনেকটা শরীরের ঘা শুকাতে মলম লাগানোর মতো, ভিতরে ঘা রয়ে যাচ্ছে, বাইরে শুকানো হচ্ছে। আমাদের সমাজ ক্রমশ যে আগ্রাসী ও দানবতার বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হচ্ছে সেটি একটা সময়ে পুরো মানব সভ্যতাকে কঠিন হুমকির মধ্যে ফেলে দিবে। তাই শিশু নির্যাতন বা যেকোন অপরাধ নির্মূলের ভাবনায় সুষ্ঠুভাবে আইন প্রয়োগের পাশাপাশি সমাজের অন্তর্গত দ্বন্দ্ব নিয়েও ভাবতে হবে সকলকে। দোয়ারাবাজারের শিশু তাজুলের উপর নির্যাতনকারীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আমরা সকলকে সমাজ পরিশুদ্ধকরণ প্রক্রিয়ায় শামিল হওয়ার আহ্বান জানাই।